কবে থেকে খেলতে নামছেন স্টার্ক? কী বলছেন দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন?

কবে থেকে খেলতে নামছেন স্টার্ক? কী বলছেন দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন?

নয়াদিল্লি: ইতিমধ্যেই দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) সঙ্গে যোগ দিয়েছেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। কিন্তু আদৌ কবে আইপিএলে (IPL 2026) খেলতে দেখা যাবে অজি তারকাকে? আগামী ১ মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। সেই ম্য়াচেই হয়ত অজি তারকাকে খেলতে দেখা যাবে ফের আইপিএলে। যদিও ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টের ওপর পুরোটাই নির্ভর করছে। জানিয়ে দিয়েছেন দিল্লি ক্যাপ্টেন অক্ষর পটেল।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে লজ্জার হারের পর দিল্লি অধিনায়ক জানিয়েছেন যে স্টার্ক ইতিমধ্য়েই NOC পেয়ে গিয়েছেন। তাই মাঠে নামতে আর কোনও বাধা থাকছে না অজি পেসারের। অক্ষর বলছেন, ”স্টার্কের খেলার ছাড়পত্র মিলে গিয়েছে। কিন্তু তবুও ওঁর ওয়ার্কলোড একটা বড় ইস্যু। তাই সেদিক থেকে কোনও সমস্যা না থাকলে দ্রুত আমরা মাঠে নামাতে পারব ওঁকে।”

কেকেআরের জার্সিতে ২০২৪ সালে আইপিএল জিতেছিলেন স্টার্ক। এরপর গত মরশুম থেকে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন অজি পেসার। চলতি টুর্নামেন্টে দিল্লির বোলিং লাইন আপ যেভাবে সমস্যায় পড়েছে, তাতে স্টার্কের দলে যোগ দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। লুঙ্গি এনগিডি চোট পেয়েছিলেন পঞ্জাব কিংসে বিরুদ্ধে। তাঁর অভাব অনুভূত হয়েছিল আরসিবি ম্য়াচেও। এবার স্টার্ক না ঢুকলে নিঃসন্দেহে টুর্নামেন্টে আগামী ম্য়াচগুলোতে দিল্লির ওপর চাপ বাড়বে।

কবে থেকে মাঠে নামবেন এনগিডি? 
এখনও পর্যন্ত যা খবর, তাতে লুঙ্গি এনগিডি সুস্থ হওয়া সত্ত্বেও আইসিসির নিয়মের জন্য তিনি মাঠে নামতে পারেননি। আসলে মেডিক্যাল রিপোর্টে কনকাশন ধরা পড়ায়, আইসিসির নিয়ম অনুযায়ী ৭দিন মাঠে নামতে পারবেন না এনগিডি। সেই নিয়ম অনুযায়ী আগামী ২ মে পর্যন্ত কোনও ম্য়াচই খেলতে পারবেন না লুঙ্গি এনগিডি। অর্থাৎ আগামী ১ মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্য়াচেও খেলতে পারবেন না এনগিডি। অর্থাৎ আরসিবি ম্য়াচ নিয়ে মোট দুটো ম্য়াচে মাঠের বাইরে থাকতে হচ্ছে প্রোটিয়া পেসারকে। দিল্লি এনগিডির পরিবর্ত হিসেবে ৩৪ বছরের লঙ্কা পেসার দুশমন্ত চামিরাকে খেলাতে পারে রাজস্থান ম্য়াচে।

আরসিবির বিরুদ্ধে দিল্লিকে বাজেভাবে হারতে হয়েছে। প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ৭৫ রানে অল আউট হয়ে গিয়েছিল। ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজেলউড দু’জনেই তিনটি করে উইকেট নিয়েছিলেন। রান তাড়া করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে দলের জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় আরসিবি। বিরাট কোহলি আইপিএলের ইতিহাসে ৯ হাজার রান পূরণ করেন।

Previous post

West Bengal Weather Update: ঝড়বৃষ্টির সতর্কতা ! হাওয়া বদলের ইঙ্গিত, দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা

Next post

উত্তরপ্রদেশের ‘দবং’ IPS অজয় পাল শর্মাকে ঘিরে এত বিতর্ক কেন? কী অভিযোগ?

Post Comment

You May Have Missed