ভুবি-হ্যাজেলউডের ভয়ঙ্কর হয়ে ওঠার রাতে ব্যাট হাতে লড়াই এক বাঙালির! ৭৫ রানে শেষ দিল্লির ইনিংস
নয়াদিল্লি: চার ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ছিল ৯/৬। পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে ১৩/৬। আইপিএলের ইতিহাসে যা সর্বনিম্ন।
আইপিএলে (IPL 2026) সোমবার নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে যা হল, তা যেন অবিশ্বাস্য! রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কে এল রাহুল, ট্রিস্টান স্টাবস সমৃদ্ধ ব্যাটিং লাইন আপ। প্রথমে ব্যাট করে ১৬.৩ ওভারে মাত্র ৭৫ রানে শেষ দিল্লির ইনিংস।
সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে বেনজির ব্যাটিং বিপর্যয় হয় দিল্লি ক্যাপিটালসের। আইপিএলের ইতিহাসে পাওয়ার প্লে-তে এরকম ব্যাটিং ধস আর কোনও দলের হয়নি। একটা সময় ৪ ওভারে ৯/৬ হয়ে গিয়েছিল দিল্লি। সেই সময় মনে হচ্ছিল, আইপিএলে আরসিবির সর্বনিম্ন ৪৯ রানের স্কোরও ছাপিয়ে যাবে না তো দিল্লি!
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আরসিবি। নতুন বলে ভয়ঙ্কর হয়ে উঠলেন তাদের দুই ফাস্টবোলার – ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজেলউড। জোড়া ফলার ধাক্কায় দিল্লি ক্যাপিটালস ব্যাটিংয়ের কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়ল। পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর দাঁড়ায় ১৩/৬! আইপিএলের ইতিহাসে পাওয়ার প্লে-তে সর্বনিম্ন দলগত স্কোর।
আরও পড়ুন: বাংলার কোচ কে হবেন? সৌরভ-লক্ষ্মীরতন বৈঠকের পরই তুঙ্গে জল্পনা, কী পরিকল্পনা সিএবি-র?
ভুবনেশ্বর ও হ্যাজেলউড – দুজনই পাওয়ার প্লে-তে ৩টি করে উইকেট নিয়েছেন। আইপিএলে এই প্রথমবার কোনও দলের দুই বোলার পাওয়ার প্লে-তে ৩টি করে উইকেট নিলেন। ভুবি প্রথম ওভারেই দিল্লির জার্সিতে অভিষেক ঘটানো সাহিল পারখের উইকেট নেন। আইপিএলে প্রথম ওভারে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় দুইয়ে রয়েছেন ভুবি। শীর্ষে ট্রেন্ট বোল্ট। বোল্ট আইপিএলে প্রথম ওভারে ৩২ উইকেট নিয়েছেন। ভুবনেশ্বরের ২৯ উইকেট হয়ে গেল।
ওপেনার সাহিল পারখ ০ (২ বল), কে এল রাহুল ১ (৩ বল), নীতীশ রানা ১ (৯ বল), সমীর রিজভি ০ (১ বল), ট্রিস্টান স্টাবস ৫ (৩ বল) ও অক্ষর পটেল ০ (৩ বল) ব্য়াট হাতে ব্যর্থ। দিল্লির হয়ে সর্বোচ্চ স্কোর এক বাঙালির। তিনি, অভিষেক পোড়েল। আইপিএলে চন্দননগরের তরুণকে বসিয়ে রেখেছিল দিল্লি। সোমবার বেনজির ব্যাটিং বিপর্যয়ের পর তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামায়। হ্যাজেলউডের বলে বোল্ড হওয়ার আগে ৩৩ বলে ৩০ রান করেন তিনি। ১২ রানে ৪ উইকেট হ্যাজেলউডের। ৫ রানে তিন শিকার ভুবির।
আরও পড়ুন: বৈভবের ব্যাটে AI চিপ! পরীক্ষা করা হোক, চাঞ্চল্যকর দাবি, ক্রিকেট বিশ্বে ঝড় উঠল বলে



Post Comment