কুলদীপের পরিবর্তে সারাংশকে খেলাচ্ছে ভারত, টিম ম্যানেজমেন্টের বিবৃতি জেনে শোরগোল
কলম্বো: তিনি যে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের একাদশ থেকে বাদ পড়তে পারেন, সেই ইঙ্গিত ছিলই। গলে প্রথম টেস্টে বল হাতে তিনি সেভাবে নজর কাড়তে পারেননি। তাঁর পরিবর্তে সারাংশ জৈনকে খেলানো হতে পারে, সেই পূর্বাভাসও ছিল। কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে কুলদীপ যাদবকে ভারতের একাদশে রাখা হল না। সমস্তরকম জল্পনাকে সত্যি করে। কুলদীপের পরিবর্তে সারাংশকে খেলানো হচ্ছে দ্বিতীয় টেস্টে।
অথচ ভারতীয় দল থেকে কুলদীপকে না খেলানো নিয়ে এমন কারণ দেখানো হল, যা দেখে হতবাক সকলে।
কী বলা হল? ভারতীয় দল থেকে বিবৃতি দিয়ে জানানো হল, সংক্রমণ রয়েছে কুলদীপের। সেই সংক্রামক ব্য়ধি থেকে সেরে উঠতে পারেননি কুলদীপ। সেই কারণেই নাকি তাঁকে খেলানো হচ্ছে না।
ভারতীয় দল থেকে বিবৃতি দিয়ে বলা হল, ‘ভাইরাল অসুস্থতা থেকে এখনও সেরে ওঠেননি কুলদীপ যাদব। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দল নির্বাচনের জন্য তিনি উপলব্ধ ছিলেন না। তবে যদি প্রয়োজন হয়, কনকাশন সাব হিসাবে তিনি মাঠে নামতে পারেন।’
এই বিবৃতি দেখার পরই ধোঁয়াশা তৈরি হয়। কুলদীপ কি বাদ? নাকি অসুস্থ বলে খেলানো হচ্ছে না? টিম ম্যানেজমেন্টের যুক্তি ধরলে, অসুস্থ বলে খেলানো হচ্ছে না। কিন্তু সেক্ষেত্রে কীভাবে তাঁকে কনকাশন সাব দরকার হলে নামানো হতে পারে বলে জানানো হল। বলা হচ্ছে, ম্যাচের প্রথম দিনও তো কেউ মাথায় চোট পেতে পারেন, প্রয়োজন হতে পারে কনকাশন সাবের। সেক্ষেত্রে যদি অসুস্থই হন কুলদীপ, তাহলে কী করে তিনি কনকাশন সাব হিসাবে মাঠে নামবেন?
UPDATE: Mr Kuldeep Yadav has not fully recovered from his viral illness.
He was unavailable for selection in the Playing XI for the second Test against Sri Lanka.
However, he can take the field as a concussion substitute, if required. #TeamIndia | #SLvIND
— BCCI (@BCCI) August 23, 2026
কুলদীপকে বসিয়ে সারাংশকে খেলানো হতে পারে, সেই ইঙ্গিত আগেই ছিল। যদিও কোচ গৌতম গম্ভীর বলেছিলেন, ‘আমরা সেরা বোলিং আক্রমণ মাঠে নামানোর চেষ্টা করব, যারা আমাদের ২০টি উইকেট দেবে। কুলদীপ ভাল বোলার। মাঝে মধ্যে অধিনায়ক কী চাইছে সেটাও দেখতে হয়। পাঁচজন প্রধান বোলার খেলালে কাউকে না কাউকে কম বল করতেই হয়। তবে এমন নয় যে, কেউ কম বল করছে বলে পারফর্ম করছে না। নির্দিষ্ট পরিবেশে কে বেশি কার্যকরী হতে পারে সেটা অধিনায়ক কিংবা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত।’
শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে তৈরি হল ধোঁয়াশা।
Post Comment