প্রচার-বিতর্কে জড়ালেন তারকেশ্বরের বিজেপি প্রার্থী সন্তু পান, পুলিশের প্রশ্নের মুখে পড়লেন

প্রচার-বিতর্কে জড়ালেন তারকেশ্বরের বিজেপি প্রার্থী সন্তু পান, পুলিশের প্রশ্নের মুখে পড়লেন

তারকেশ্বর: নিজের কেন্দ্রে ভোটের ৩ দিন আগে প্রচার-বিতর্কে জড়ালেন তারকেশ্বরের বিজেপি প্রার্থী সন্তু পান। বুধবার বিধানসভা ভোটের দ্বিতীয় দফা। তার আগে শেষ রবিবারের প্রচারে বেরিয়ে ভাণ্ডারহাটি-২ নম্বর পঞ্চায়েত এলাকার একাধিক মন্দিরে পুজো দিলেন তারকেশ্বরের বিজেপি প্রার্থী। পাশাপাশি মন্দির চত্বরে উপস্থিত মানুষের সাথে জনসংযোগ করতেও দেখা যায় বিজেপি প্রার্থী সন্তু পানকে। অভিযোগ, সেই সময় তারকেশ্বরের বিজেপি প্রার্থীকে বাধা দেন পুলিশ কর্মীরা। অনুমতি ছাড়া মন্দির চত্বরে কেন প্রচার করছেন, পুলিশের এমন প্রশ্নের মুখে পড়তে হয় সন্তু পানকে। প্রচার নয়, পুজো দিচ্ছি, বলে পাল্টা দাবি করেন তারকেশ্বরের বিজেপি প্রার্থী। এনিয়ে পুলিশ কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সন্তু পান। ঘটনার জেরে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায়।

এদিন পুজো দিয়ে সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলেন সন্তু পান। তিনি পুলিশের সঙ্গে বচসায় বলেন, ”আমি এখানে পুজো দিতে এসেছিলাম। যা করার করে নিন আপনারা। এখানে হিন্দুদের রাজ চলছে। কিছু বলতে পারবেন না।”

উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোটে, বুথে পৌঁছনোর সব রাস্তাগুলোতেও বিশেষ নজর রাখছে নির্বাচন কমিশন। অশান্তিপ্রবণ যে যে এলাকা রয়েছে সেই এলাকাগুলো চিহ্নিত করে, বুথের বাইরের রাস্তায় CC ক্য়ামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বেশ কিছু গলি চিহ্নিত করা হয়েছে, যেখানে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বাইকে টহলদারি চালাবে পুলিশ।

প্রথম দফায় রেকর্ড ভোট পড়েছে রাজ্য়ে। এবার দ্বিতীয় দফার চ্যালেঞ্জ! প্রথম দফার ভোটে ১০০% বুথে ছিল ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারি। আর দ্বিতীয় দফার ভোটে এবার কমিশনের নজরে বিশেষ বিশেষ অঞ্চলে বুথে পৌঁছনোর রাস্তা। সূত্রের খবর, ভোটারদের বুথে আসার সময় যাতে হুমকি বা বাধার মুখে পড়তে না হয়। ভোটাররা যাতে নির্ভয়ে বুথে আসত পারে। ভয়মুক্তভাবে ভোট-দানে অংশ গ্রহণ করত পারে, তারজন্য অশান্তিপ্রবণ এলাকা চিহ্নিত করে, বুথের বাইরের রাস্তায় CC ক্য়ামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের তরফে অনেকরকম অভিযোগ উঠছে। ডায়মন্ড হারবারে বাইক নিয়ে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ। ভিডিও সামনে এনেছে নির্বাচন কমিশন। একাধিক ধারায় রুজু হয়েছে মামলা। অন্যদিকে, নির্বাচন কমিশন সূত্রে খবর, ডায়মন্ডহারবারে ভোটের আগে  দুষ্কৃতীদের একটি তালিকাও প্রস্তুত করা হয়েছে। অন্যদিকে কসবার বাইক মিছিলের ভাইরাল ভিডিও নিয়ে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল।

Post Comment

You May Have Missed