দীপ্তির অলরাউন্ড শো, সেঞ্চুরি হাঁকালেন হরমনপ্রীত, জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ় জিতল ভারত
বঢোদরা: প্রথম ওয়ান ডেতে ১৩৭ বল ও নয় উইকেট বাকি রেখে ভারতীয় দল জয় পেয়েছিল। দ্বিতীয় ওয়ান ডেতেও জিম্বাবোয়েকে দুরমুশ করল ওমেন ইন ব্লু। সপ্তাহান্তে ১২১ রানের বড় ব্যবধানে জিম্বাবোয়েকে (INDW vs ZIMW) হারিয়ে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ় নিজের নামে করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। দলের জয়ের নায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur), দীপ্তি শর্মা (Deepti Sharma), এবং বৈষ্ণবী শর্মা (Vaishnavi Sharma)।
এদিন টস জিতে ব্যাটে নেমে ভারতীয় দলের শুরুটা একেবারেই ভাল হয়নি। প্রথম ওভারেই শিবান্দার বলে খাতা খোলার আগেই ভারতীয় অধিনায়ক স্মৃতি মান্ধানা সাজঘরে ফেরেন। শেফালি বর্মাও আট রানেই আউট হন। ১৯ রানে দুই উইকেট হারিয়ে ফেলে ভারত। তবে এরপরেই চারে নেমে ইনিংসের হাল ধরেন হরমনপ্রীত। প্রথমে প্রতিকা রাওয়াল এবং তারপরে দীপ্তি শর্মার সঙ্গে শতরানের পার্টনারশিপ গড়েন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।
আরও পড়ুন:- অধিনায়কত্ব হারানোর পরেই এল কাঙ্খিত শতরান, মিতালিকে পিছনে ফেললেন হরমন, সাধুবাদ কুড়োলেন স্মৃতির
গত ম্যাচের সেঞ্চুরিয়ন প্রতিকা এই ম্য়াচেও দুরন্ত ছন্দে ছিলেন। অর্ধশতরানও হাঁকান তিনি। তবে ৬১ রানে তাঁকে সাজঘরে ফিরতে হয়। তেজালও তিন রানে তারপরেই আউট হন। তবে এরপরে দীপ্তির সঙ্গে পুনরায় ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেন হরমনপ্রীত। দুইজনে মিলে ১৫৩ রানের পার্টনারশিপ গড়েন। ১৫টি বাউন্ডারির সাহায্যে হরমনপ্রীত নিজের কেরিয়ারের অষ্টম ওয়ান ডে শতরান হাঁকিয়ে ফেলেন তিনি। মিতালি রাজকে পিছনে ফেলে ওয়ান ডেতে ভারতীয় মহিলা দলের দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোর মালিক হয়ে যান হরমনপ্রীত।
অপরদিকে, দীপ্তি শর্মাও নিজের কেরিয়ারের দ্বিতীয় ওয়ান ডে সেঞ্চুরি পূরণ করেন। হরমনপ্রীত ১২৬ ও দীপ্তি ১০৬ রানের ইনিংস খেলেন। নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ৩২৮ রান তোলে ভারতীয় দল। জবাবে জিম্বাবোয়ের হয়ে মুপাচিকওয়া এবং চিপো, বেশ ভালভাবেই ইনিংস এগিয়ে নিয়ে যান। তবে দুইজনেই অর্ধশতরানের দোরগোঁড়ায় যথাক্রমে ৪৯ ও ৪৬ রানের ইনিংস খেলেন। এরপরে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে জিম্বাবোয়ে। ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে নাস্তানাবুদ হন জিম্বাবোয়ে ব্যাটাররা। দীপ্তি বল হাতে তিনটি এবং তরুণ বৈষ্ণবী চার চারটি উইকেট নেন। ফলে ২০৭ রানেই জিম্বাবোয়ের ইনিংস গুটিয়ে যায়। ম্যাচ জিতে নেয় ভারত।
Post Comment