একইদিনে তিনবার হাতবদল, আইপিএলের ‘অরেঞ্জ ক্যাপ’ দৌড়ে অভূতপূর্ব লড়াই

একইদিনে তিনবার হাতবদল, আইপিএলের ‘অরেঞ্জ ক্যাপ’ দৌড়ে অভূতপূর্ব লড়াই

নয়াদিল্লি: চলতি মরশুমের আইপিএল (IPL 2026) একেবারে মাঝপথে। ৭০টির মধ্যে ইতিমধ্যেই ৩৬টি ম্য়াচ খেলা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই যেমন পয়েন্টস তালিকায় প্রতি ম্য়াচশেষেই চড়াই, উতরাই দেখা যাচ্ছে, তেমনই জমে উঠেছে ‘অরেঞ্জ ক্যাপ’-র (IPL Orange Cap) লড়াইও। শনিবার অভূতপূর্বভাবে তিন তিনবার অরেঞ্জ ক্যাপের হাতবদল হল। সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার দৌড়ে এমন লড়াই হালে অন্তত কখনও চোখে পড়েনি।

দিনের শুরুতে প্রথম ম্যাচের আগে অরেঞ্জ ক্যাপ বিরাট কোহলির (Virat Kohli) মালিকানাধীন ছিল। তিনি ৫৪.৬৭ গড় এবং ১৬৩.১৮ স্ট্রাইক রেটে সাত ম্যাচে ৩২৮ রান করেছেন। তবে দিন শেষ হতে হতে কোহলি তালিকায় পাঁচে নেমে গেলেন। দিনের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালস হারলেও, পঞ্জাব কিংসের বিরুদ্ধে এক ঐতিহাসিক ইনিংস খেলেছিলেন কেএল রাহুল। ৬৭ বলে ১৫২ রানে অপরাজিত থাকেন তিনি, যা ভারতীয় হিসাবে বিশ ওভারের ক্রিকেটে  সর্বকালের সর্বোচ্চ। তাঁর এই ইনিংসের সুবাদেই অরেঞ্জ ক্যাপ উঠে দিল্লি ক্যাপিটালস তারকার মাথাতে।

রাহুল সাত ম্য়াচে ১৮৭.৮৯ স্ট্রাইক রেট এবং ৫৯.৫০ গড়ে মোট ৩৫৭ রান ইতিমধ্যেই করে ফেলেছেন। তবে শনিবার দ্বিতীয় ম্যাচে বৈভব সূর্যবংশীও এক অনবদ্য ইনিংস খেলে। আইপিএল ইতিহাসের তৃতীয় দ্রুততম শতরান হাঁকায় সে। ৩৭ বলে খেলে ১০৩ রানের ইনিংস রাহুলের সমান ৩৫৭ রান রয়েছে তার ঝুলিতেও। তবে বৈভবের ২৩৪.৮৬ স্ট্রাইক রেট, রাহুলের থেকে অনেকটাই বেশি, আর এই স্ট্রাইক রেটের সুবাদেই সমসংখ্যক রান থাকলেও অরেঞ্জ ক্যাপ উঠে বৈভবের মাথাতে। তবে সেই ম্যাচের শেষেই ফের একবার অরেঞ্জ ক্যাপে হাত বদল হয়।       

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ২৯ বলে ৫৭ রানের ইনিংস খেলেন অভিষেক শর্মা। এই ইনিংসের সুবাদেই তিনি দিনশেষে বৈভবের মাথা থেকে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নেন। ৮ ম্যাচে অভিষেক ২১২.২৯-র স্ট্রাইক রেট ও ৫৪.২৯ গড়ে ৩৮০ রান করেছেন। তিনিই বর্তমানে অরেঞ্জ ক্যাপের মালিক। সানরাইজার্সের আরেক ব্যাটার হেনরিখ ক্লাসেনও চলতি টুর্নামেন্টে দারুণ ফর্মে রয়েছেন। তিনি এদিন ২৯ রানের বেশি করতে পারেননি। তবে তা সত্ত্বেও, তিনি বিরাট কোহলিকে পিছনে ফেলে অরেঞ্জ ক্যাপ তালিকায় চার নম্বরে উঠে আসতে সক্ষম হয়েছেন।

এই পরিসংখ্যান দেখে কিন্তু একটাই জিনিস বলা বাহুল্য, আইপিএলের অরেঞ্জ ক্যাপের লড়াই একেবারে জমে গিয়েছে।

Post Comment

You May Have Missed