North Dinajpur News: যত্রতত্র নোংরার স্তূপ, ওয়ার্ডে ঢুকছে শৌচাগারের জল! রায়গঞ্জ মেডিক্যালের বেহাল পরিষেবা নিয়ে অতিষ্ট রোগীরা
Last Updated:
North Dinajpur News: রোগীদের অভিযোগ, হাসপাতালের যত্রতত্র বিভিন্ন ধরনের সার্জিক্যাল বর্জ্য ছড়িয়ে থাকে। কোথাও কোথাও আবার পড়ে থাকে গরুর গোবর ও গোমূত্র।
রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ ফের শিরোনামে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এবার বেহাল পরিষেবার জেরে কাঠগড়ায় এই প্রতিষ্ঠান। অভিযোগ, মেডিক্যাল কলেজ চত্বরের ইনডোর থেকে আউটডোর হয়ে মর্গের সামনে অবধি সব জায়গায় অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ।
চিকিৎসা করাতে আসা রোগীদের অভিযোগ, ১০ তলা ভবনের যেখানে সেখানে আবর্জনার স্তূপ দেখা যায়। শৌচাগারের মলমূত্র উপচে পড়ছে। এমনকি শৌচাগারের জল মাঝেমধ্যে ওয়ার্ডেও ঢুকে পড়ে। দুর্গন্ধের জেরে নাকে রুমাল দিয়ে যাতায়াত করেন রোগী, ডাক্তার, স্বাস্থ্যকর্মী প্রত্যেকে।
এই বিষয়ে হেমতাবাদের এক বাসিন্দা বলেন, সিটি স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়ার সময় ট্রলিতে গরুর গোবর লেগে যাচ্ছে। বিশ্রী গন্ধের জেরে ওয়ার্ডে বসে খাবার খাওয়ার যায় না।
রায়গঞ্জ মেডিক্যাল কলেজের এমএসভিপি প্রিয়ঙ্কর রায় জানান, হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে তাঁদের তরফ থেকে চেষ্টার কোনও ত্রুটি নেই। দরকারি সব ব্যবস্থা করা হয়েছে।
অন্যদিকে সাফাইয়ের দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার তরফে আবার হাসপাতালের পরিকাঠামোগত ত্রুটির দিকে আঙুল তোলা হয়েছে। তাঁদের দাবি, তিন শিফটে ৯৬ জন কর্মী কাজ করেন। তবে এই মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিকাঠামোগত ত্রুটির জন্য জল নিকাশি ব্যবস্থা বেহাল। ১০ তলা ভবনের পাইপ ফেটে গিয়ে ঢোকার মুখে নোংরা জল জমে থাকছে।
চিকিৎসা করে সুস্থ হওয়ার আশা নিয়ে হাসপাতালে আসেন মানুষ। কিন্তু রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বেহাল পরিষেবার জেরে কার্যত অতিষ্ট হয়ে উঠেছেন রোগীরা। এমএসভিপি প্রিয়ঙ্কর রায় হাসপাতাল পরিষ্কার রাখতে কর্তৃপক্ষের তরফ থেকে চেষ্টার কোনও ত্রুটি না থাকার কথা বললেও তাতে মন গলছে না আমজনতার।
Uttar Dinajpur,West Bengal
North Dinajpur News: যত্রতত্র নোংরার স্তূপ, ওয়ার্ডে ঢুকছে শৌচাগারের জল! রায়গঞ্জ মেডিক্যালের বেহাল পরিষেবা নিয়ে অতিষ্ট রোগীরা




Post Comment