গুলি করে পাকিস্তানের যুদ্ধবিমান নামাল আফগানিস্তান? বন্দি পাক-পাইলট? তালিবানের দাবি ঘিরে শোরগোল

গুলি করে পাকিস্তানের যুদ্ধবিমান নামাল আফগানিস্তান? বন্দি পাক-পাইলট? তালিবানের দাবি ঘিরে শোরগোল

নয়াদিল্লি: নতুন করে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে পশ্চিম এশিয়ায়। সেই আবহে ভারতের দুই পড়শি দেশের মধ্যে সংঘাত চরমে পৌঁছল। গত কয়েক দিন ধরেই পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। এবার পাকিস্তানের যুদ্ধবিমান নামাল আফগানিস্তান। পাকিস্তান বায়ুসেনার এক পাইলটকে বন্দিও করা হয়েছে বলে জানাল তালিবান। পাকিস্তান যদিও এই দাবি খারিজ করেছে। (Pakistan-Afghanistan Conflict)

আফগানিস্তানের তালিবান সরকারের দাবি, দেশের পূর্বের জালালাবাদ শহরে পাকিস্তানের একটি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে। জীবিত অবস্থাতেই বন্দি করা হয়েছে ওই যুদ্ধবিমানের পাইলটকে। যুদ্ধবিমান ভেঙে পড়ার মুহূর্তে প্যারাশ্যুটের সাহায্য়ে বেরিয়ে আসেন ওই পাইলট। সেই সময়ই তাঁকে বন্দি করা হয় বলে দাবি তালিবানের। (Pakistan-Afghanistan War)

আফগান তালিবান পুলিশের মুখপাত্র তায়েব হামাদ সংবাদ সংস্থা এএফপি-কে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেন। বলেন, “জালালাবাদ শহরে পাকিস্তানের একটি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছি আমরা। জীবিত অবস্থায় বন্দি করা হয়েছে পাইলটকে।”

ইস্টার্ন আফগানিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র ওয়াহিদুল্লা মহম্মদিও এই খবরে সিলমোহর দেন। সংবাদ সংস্থা এফপি জানিয়েছে, জালালাবাদের উপর দিয়ে যাচ্ছিল পাক যুদ্ধবিমানটি। সেই সময় আফগান সেনা সেটিকে গুলি করে নামায়। পাকিস্তান যদিও এই খবর অস্বীকার করেছে। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তাহির হুসেন আন্দারাবি বলেন, “ভুয়ো খবর। একেবারে অসত্য।”

শুক্রবার আফগানিস্তানে রকেট বর্ষণ করে পাকিস্তান। রাজধানী কাবুল এবং দক্ষিণের কান্দাহারে রকেট বর্ষণ করা হয়, যেখানে তালিবানের সর্বোচ্চ শাসক হিবাতুল্লা আখুনজাদার বাস। এর পর সীমান্ত এলাকায় গোলাগুলি বর্ষণ শুরু করে আফগানিস্তানও। পাকিস্তানের দাহি, আফগানিস্তানে রাতভর বোমাবর্ষণ করে ৩০০-র বেশি আফগান বাহিনীকে শেষ করে দেওয়া হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন দুই দেশকে সংযত হতে বললেও, বর্তমান পরিস্থিতিতে আমেরিকা পাকিস্তানকে সমর্থন জানিয়েছে। পাকিস্তানের আত্মরক্ষার অধিকার আছে বলে জানিয়েছে তারা।

 



Previous post

Suvendu Adhikari on SIR: ‘ওনাকে জেতানোর মতো ভোটার রাজ্যে নেই’- SIR তালিকা প্রকাশের পর ভবানীপুরের ভোটার নিয়ে কী বললেন শুভেন্দু? | Video: there is no voter who can make her win Suvendu Adhikari takes a dig at Mamata Banerjee after SIR final list

Next post

ইজরায়েল-ইরান যুদ্ধ বাড়াচ্ছে চিন্তা, সোমবার বড় ধস ভারতীয় শেয়ার বাজারে ?

Post Comment

You May Have Missed