যুদ্ধের আবহে খালি করে দেওয়া হল বুর্জ খলিফা, আকাশে ছুটছে মিসাইল, ফুঁসছে ইরান

যুদ্ধের আবহে খালি করে দেওয়া হল বুর্জ খলিফা, আকাশে ছুটছে মিসাইল, ফুঁসছে ইরান

নয়াদিল্লি: নতুন করে যুদ্ধের আশঙ্কা পশ্চিম এশিয়ায়। ইজ়রায়েল এবং আমেরিকার আক্রমণের জবাবে আমেরিকার ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলিকে নিশানা করতে শুরু করল ইরান। সংযুক্ত আরব আমিরশাহি, কাতার থেকে বাহরাইন, কুয়েত সিরিয়া পর্যন্ত ইরানের রোষ থেকে বাদ যায়নি। পর পর বিস্ফোরণ ঘটেছে একের পর এক শহরে। এমন পরিস্থিতিতে খালি করে দেওয়া হল পৃথিবীর মধ্যে উচ্চতম নির্মাণ,  বুর্জ খলিফা। দুবাইয়েও এদিন রকেট বর্ষণ করেছে ইরান। সতর্কতামূলক ভাবেই তাই খালি করে দেওয়া হল বুর্জ খলিফা। ভারতের দুই সংস্থা পশ্চিম এশিয়ায় বিমান পরিষেবা বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে আপাতত। (Burj Khalifa Evacuated) 

শনিবার সকালে প্রথমে ইরানে একযোগে হামলা চালায় আমেরিকা এবং ইজ়রায়েল। মুহুর্মুহু রকেট বর্ষণ করে তারা, নিশানা করা হয় ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেই এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বাসভবন এবং দফতরকেও। খামেনেই এবং পেজেশকিয়ান যদিও সেখানে ছিলেন না, আগেই সরে গিয়েছিলেন বলে জানা যায়। এর পরই পাল্টা জবাব দিতে নামে ইরান। (Iran Missile Strike)

আবু ধাবি এবং দুবাইয়ের বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই রকেট বর্ষণ করেছে ইরান। কাদারের দোহা, এমনকি সৌদি আরবের রিয়াধেও তারা রকেট ফেলেছে বলে খবর। দুবাইয়ের বাসিন্দাদের দাবি, তীব্র শব্দে কেঁপে ওঠে চারিদিক। আকাশে ক্ষেপণাস্ত্র ছুটে যেতে দেখেন তাঁরা। এত জোরে বিস্ফোরণ ঘটে যে জানলার কাচ পর্যন্ত কেঁপে ওঠে। প্রথমে একটি-দু’টি বিস্ফোরণের শব্দ কানে আসে। সময়ের সঙ্গে আরও বিস্ফোরণ ঘটানো হয়। দুবাইয়ের পাম আইল্যান্ড থেকেও ধোঁয়া আকাশে উঠতে দেখা গিয়েছে।

সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আবু ধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়লে শার্পনেল বিঁধে এশিয়ার এক নাগরিকের মৃত্যু হয়। তারা বলে, “এই ধরনের আচরণ বিপজ্জনক আকার ধারণ করতে পারে। কাপুরুষোচিত এমন আচরণে সাধারণ নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, স্থিতিশীলতা নষ্ট হচ্ছে ভূরাজনীতির।”

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে সিরিয়াতেও বেশ কয়েকজন মারা গিয়েছেন বলে খবর। কাতার জানিয়েছে, ক্ষেপণাস্ত্র উড়ে আসছে বলে আগেই ধরা পড়ে তাদের সেন্সরে। সেই মতো সাবধানতা অবলম্বন করা হয়েছিন। তাই তেমন ক্ষয়ক্ষতি হয়নি। 

কুয়েতের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, কুয়েতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা হয়েছে। এতে বেশ কিছু কর্মী আহত হয়েছেন। ক্ষয়ক্ষতিও হয়েছে বেশ। উপসাগরীয় দেশগুলিতে যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে, সেগুলিকেই মূলত ইরান নিশানা করছে বলে মনে করছেন কূটনীতিকরা। 

এমন পরিস্থিতিতে ভারতের দুই বিমান পরিবহণ সংস্থা, Air India এবং IndiGo পশ্চিম এশিয়ায় পরিষেবা বাতিল করতে শুরু করেছে। IndiGo জানিয়েছে, ১ মার্চ পর্যন্ত পশ্চিম এশিয়ায় পরিষেবা বাতিল করা হচ্ছে। একই কথা জানিয়েছে Air India.

Previous post

নির্বাচনের আগে মতুয়াগড়ে নাম বাদ বহু ভোটারের, প্রতিশ্রুতিই সার! শান্তনুকে আক্রমণ মমতাবালার

Next post

Bengal Fish Fest 2026: ​‘বিষ’ খেয়ে সুস্থ থাকা যায় না, ভেজাল মাছ চাষ রুখতে ফিস ফেস্ট ২০২৬-এর মঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি মন্ত্রী স্বপন দেবনাথের

Post Comment

You May Have Missed