রাজ্য সরকারের কর্মীদের জন্য বিরাট সুখবর! সর্বোচ্চ ২২ হাজার…‘অ্যাড-হক’ বোনাসের ঘোষণা নবান্নের, গতবারের চেয়ে উর্ধসীমা বেড়ে কত হল?
Last Updated:
রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ‘অ্যাড-হক’ বোনাস ঘোষণা করল মমতা সরকার৷ শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে ‘সুদমুক্ত ফেস্টিভ্যাল অ্যাডভান্স’ দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার৷ বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বোচ্চ ২২ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ফেস্টিভ্যাল অ্যাডভান্স পাবেন যোগ্য কর্মীরা।
কলকাতা: রাজ্য সরকারের কর্মীদের জন্য বিরাট সুখবর৷ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ‘অ্যাড-হক’ বোনাস ঘোষণা করল নবান্ন। পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য উৎসব অগ্রিম মঞ্জুরের ঘোষণা৷ শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে ‘সুদমুক্ত ফেস্টিভ্যাল অ্যাডভান্স’ দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার৷
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বোচ্চ ২২ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ফেস্টিভ্যাল অ্যাডভান্স পাবেন যোগ্য কর্মীরা। যাদের মাসিক বেতন ৪৬ হাজার টাকার বেশি এবং ৫৪ হাজার টাকার মধ্যে, তারাই এই সুবিধার আওতায়। সর্বাধিক ১০ কিস্তিতে বেতন থেকে টাকা কাটা হবে। মুসলিম কর্মীদের ক্ষেত্রে ঈদ-উল-ফিতরের আগে এবং অন্যদের ক্ষেত্রে ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে অর্থ প্রদান। ৩১ আগস্ট ২০২৭-এর মধ্যে সম্পূর্ণ টাকা আদায় সম্পন্ন করতে হবে।
প্রসঙ্গত, গত বছরও ‘অ্যাড-হক’ বোনাস ঘোষণা করেছিল রাজ্য সরকার৷ তবে গত বারের চেয়ে এবার বেতনের উর্ধ্বসীমা আরও ২ হাজার টাকা বাড়াল মমতা সরকার৷ ২০১৯ সালের পশ্চিমবঙ্গ চাকরি (বেতন এবং ভাতা পর্যালোচনা) নীতি মেনে এই বোনাস দেওয়া হবে। এর মধ্যে বাড়ি ভাড়া, চিকিৎসার খরচ বা ভর্তুকি বাবদ কোনও ভাতা সংযুক্ত৷
এই ঘোষণার ফলে উপকৃত হবেন রাজ্যের কয়েকলক্ষ সরকারি কর্মী৷ মুসলিম সম্প্রদায়ের সরকারি কর্মীরা ইদের আগে এবং হিন্দু কর্মীরা দুর্গাপুজোর আগে এই বোনাস পেয়ে যাবেন। উল্লেখ্য, গত অর্থবর্ষে বোনাসের অঙ্ক ছিল ৬,৮০০ টাকা। যোগ্যতার সীমা ছিল ৪৪ হাজার টাকা। এই বছর বোনাস ৬০০ টাকা বাড়ল এবং বেতনের উর্ধ্বসীমা বাড়ল ২০০০ টাকা৷
Kolkata,West Bengal
Feb 27, 2026 11:37 PM IST




Post Comment