Bangladesh Election: বাংলাদেশের ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ! খালের অন্য পাড় থেকে আক্রমণে ভয়াবহ…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে ভোটকেন্দ্রে (Bangladesh Election) ককটেল বিস্ফোরণ (Crude bomb blast in Bangladesh)। তাতে আহত হলেন ৩ জন। বাংলাদেশে নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন একটি ভোটকেন্দ্রে এই ককটেল (ক্রুড বোম) বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
গোপালগঞ্জে ককটেল
ঘটনা ঠিক কী ঘটেছে? আজ, বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ চলাকালীন গোপালগঞ্জ সদরের একটি ভোটকেন্দ্রে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা যায়। আহতদের মধ্যে দুজন নিরাপত্তা কর্মী (আনসার সদস্য) এবং একজনের বয়স ১৩।
দায়িত্বরত পুলিস কর্মকর্তারা জানিয়েছেন, সকাল ৯টার দিকে দুর্বৃত্তরা কাছের একটি খালের উল্টো তীর থেকে ভোটকেন্দ্র লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের পরে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও জানা গিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ভোটগ্রহণ অব্যাহত।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর এলাকায়
প্রসঙ্গত, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোপালগঞ্জের তিনটি আসনে ভোটারের উপস্থিতি বেড়েছে। সকালে ভোট শুরুর দিকে কেন্দ্রগুলো ফাঁকা থাকলেও পরে তাঁদের উপস্থিতি বাড়ে। সকাল সাড়ে সাতটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত তিনটি আসনের বিভিন্ন কেন্দ্রে এমন ছবিই দেখা গিয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসক ও নির্বাচন অফিসের সূত্র বলছে, বেলা ২টা পর্যন্ত গোপালগঞ্জ-১ আসনে ভোট পড়েছে প্রায় ৩৩ শতাংশ। গোপালগঞ্জ-২ আসনে ভোট পড়েছে প্রায় ৩০ শতাংশ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদীয় এলাকা গোপালগঞ্জ-৩ আসনে ভোট পড়েছে ৩১.৪৫ শতাংশ।
মুন্সীগঞ্জেও
মুন্সীগঞ্জেও একটি স্কুলের ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের ঝামেলার খবর পাওয়া গিয়েছে। এছাড়া খুলনায় ভোট দিতে যাওয়ার সময় এক রাজনৈতিক নেতার মৃত্যুর খবরও জানা গিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)



Post Comment