Elon Musk: পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা-নেপালের মোট জাতীয় আয়ের থেকে বেশি সম্পত্তির মালিক মাস্ক, কত নম্বরে মুকেশ অম্বানি!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:বিশ্বের ধনীদের শীর্ষে স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক। তাঁর মোট সম্পদ ৮৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেল। ভারতীয় মুদ্রায় প্রায় ৭৭ লাখ কোটি টাকা। মাত্র এক দিনেই তাঁর সম্পদের পরিমাণ বেড়েছে ৮৪ বিলিয়ন ডলার বা প্রায় ৭ লাখ কোটি টাকা।
ফোর্বসের মতে, ইলন মাস্ক এখন ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি। তাঁর এই বিপুল সম্পদ বৃদ্ধির মূল কারণ হল তাঁর রকেট নির্মাতা প্রতিষ্ঠান ‘স্পেস-এক্স’ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক স্টার্টআপ ‘এক্স-এআই’।
ফোর্বস বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, বর্তমানে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ৮৫২ বিলিয়ন ডলার। এটি এত বিশাল যে, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপালের মতো চারটি দেশের মোট জিডিপি বা জাতীয় আয়ের যোগফলের চেয়েও বেশি।
ভারতের সবচেয়ে ধনী ৪০ জন ব্যক্তি (যাঁদের মধ্যে মুকেশ আম্বানি ও গৌতম আদানিও রয়েছেন) মিলে মোট যত সম্পদের মালিক, মাস্কের একার সম্পদ তার চেয়েও বেশি।
তাঁর রকেট তৈরির কোম্পানি SpaceX এবং কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ xAI মিলে যাওয়ায় তাঁর ব্যক্তিগত সম্পদ এক লাফে অনেক বেড়ে গেছে।
ইলন মাস্কের কোম্পানি SpaceX এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি xAI এখন এক হয়ে গেছে। আগে এই দুটি আলাদা প্রতিষ্ঠান ছিল, কিন্তু এখন তারা মিলে গিয়ে একটি বিশাল কোম্পানিতে পরিণত হয়েছে। এই নতুন কোম্পানির মোট বাজারমূল্য এখন প্রায় ১.২৫ ট্রিলিয়ন ডলার (বা প্রায় ১০৪ লাখ কোটি টাকা)। দুটি কোম্পানি মিলে যাওয়ার পর নতুন এই বিশাল কোম্পানিতে মাস্কের শেয়ার দাঁড়িয়েছে ৪৩%। এই ৪৩% শেয়ারের একার দামই এখন ৫৪২ বিলিয়ন ডলার।
বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তি, গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজের সাথে ইলন মাস্কের সম্পদের ব্যবধান এখন আকাশছোঁয়া। ল্যারি পেজের মোট সম্পদ যেখানে ২৮১ বিলিয়ন ডলার, সেখানে মাস্ক তাঁর চেয়ে ৫৭৮ বিলিয়ন ডলার বেশি সম্পদের মালিক। মাস্কের সম্পদ যেভাবে জ্যামিতিক হারে বাড়ছে, তাতে ধারণা করা হচ্ছে তিনি খুব দ্রুত বিশ্বের প্রথম ‘ট্রিলিওনিয়ার’ (১,০০০ বিলিয়ন বা ১ লাখ কোটি ডলারের মালিক) হতে চলেছেন।
আরও পড়ুন-রাজ্য বাজেটে আজ বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! কপাল খুলবে সরকারি কর্মচারীদের?
এক নজরে
ইলন মাস্ক -৮৫২ বিলিয়ন ডলার
ল্যারি পেজ-২৮১ বিলিয়ন ডলার |
এদের পরেই রয়েছেন গুগলের সের্গেই ব্রিন(২৩.৪৬ বিলিয়ন ডলার), আমাজনের জেফ বেজস(২২.৯১ বিলিয়ন ডলার), মুকেশ অম্বানি(৯.১৬ বিলিয়ন) রয়েছেন ১৯ নম্বর, গৌতম আদানির()৫.৭৬ বিলিয়ন ডলার স্থান ২৮ নম্বর স্থানে।
টেসলা
২০০৩ সালে মার্টিন এবারহার্ড এবং মার্ক টারপেনিং টেসলা প্রতিষ্ঠা করেন। ইলন মাস্ক শুরুর দিকে এই কোম্পানিতে বিনিয়োগ করেন এবং ২০০৪ সালের ফেব্রুয়ারিতে একটি বড় অংকের অর্থ বিনিয়োগের মাধ্যমে যুক্ত হন। পরবর্তীকালে তিনি টেসলার চেয়ারম্যান এবং এরপর সিইও (CEO) হন।
স্পেস-এক্স (SpaceX)
২০০২ সালের মার্চ মাসে ইলন মাস্ক স্পেস-এক্স প্রতিষ্ঠা করেন। তাঁর স্বপ্ন ছিল মহাকাশে রকেট পাঠানোর খরচ কমানো এবং মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপন করা। ২০০৮ সালে স্পেস-এক্স তাদের প্রথম সফল রকেট (Falcon 1) উৎক্ষেপণ করে এবং ২০১২ সালে তাদের ‘ড্রাগন’ ক্যাপসুলটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাতে সক্ষম হয়।
নিুরালিঙ্ক (Neuralink)
২০১৬ সালে ইলন মাস্ক নিউরালিঙ্ক প্রতিষ্ঠা করেন। এই কোম্পানির উদ্দেশ্য হলো এমন একটি প্রযুক্তি (ব্রেইন-মেশিন ইন্টারফেস) তৈরি করা যা মানুষের মস্তিষ্কের সঙ্গে সরাসরি কম্পিউটারের সংযোগ ঘটিয়ে দেবে। এর লক্ষ্য হলো স্নায়বিক বা মস্তিষ্কের বিভিন্ন রোগের চিকিৎসা করা এবং ভবিষ্যতে মানুষের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর উন্নত মেলবন্ধন তৈরি করা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)



Post Comment