Chopra MLA Hamidul Rahman: ‘বালি মাফিয়া, জমি মাফিয়ার অভিযোগ ভিত্তিহীন’, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে পাল্টা আক্রমণ চোপড়ার বিধায়কের

Last Updated:

Chopra MLA Hamidul Rahman: ‘আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন’, শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ হামিদুলের।

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে পাল্টা আক্রমণ চোপড়ার বিধায়কের
মুখ্যমন্ত্রী শুভেন্দুকে পাল্টা আক্রমণ চোপড়ার বিধায়কের

ইসলামপুর: চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের বিরুদ্ধে বৃহস্পতিবার রায়গঞ্জের সভা থেকে একাধিক অভিযোগ ও পুরনো মামলা নতুন করে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই অভিযোগের জবাব দিলেন খোদ বিধায়ক। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে কোনও পুরনো মামলা নেই। তাঁকে ঘিরে ওঠা অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

হামিদুল রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে কোনও পুরনো মামলা নেই। যা বলা হচ্ছে, তা মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। বালি মাফিয়া বা জমি মাফিয়ার সঙ্গে যুক্ত থাকার কোনও প্রমাণ আছে? এই ধরনের কোনও কিছুই নেই। সব অভিযোগ ভিত্তিহীন।’ বিধায়কের আরও অভিযোগ, ঋতব্রত শিবির ছেড়ে মমতা শিবিরে যোগ দেওয়ার কারণেই তাঁর উপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। সেই রাগ থেকেই তাঁর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তোলা হচ্ছে বলে দাবি করেন হামিদুল রহমান।

আরও পড়ুন: ‘কত বড় মস্তান আছে দেখতে চাই’, চোপড়ার বিধায়কের বিরুদ্ধে সমস্ত মামলা খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর

তাঁর বক্তব্য, অন্য কোনও বিধায়ক যাতে একইভাবে শিবির পরিবর্তন করে মমতা শিবিরে যোগ না দেন, সেই বার্তা দিতেই তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ করা হচ্ছে। বৃহস্পতিবার রায়গঞ্জের সভা থেকে সেই হামিদুলের বিরুদ্ধেই জমি দখলের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে থাকা সব পুরনো মামলার ফাইল খোলার নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাম ও তৃণমূল আমলে আদিবাসী ও সনাতনীদের জমি দখল হয়েছে। পুলিশকে সেই সব জমি উদ্ধার করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি চোপড়ার বিধায়ককে ‘মাফিয়া’, ‘গুন্ডা’ বলেও তোপ দাগেন শুভেন্দু।

বিধানসভা নির্বাচনের পর থেকে তাঁকে ঘিরে দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয়তা ও রাজনৈতিক অবস্থান নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। এমনকী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হামিদুল রহমান স্পষ্ট জানান, তিনি বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গেই রয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে সই করার বিষয়ে তাঁর দাবি, পরিষদীয় স্বার্থে এবং বিরোধীদের অফিসঘর সংক্রান্ত বিষয়েই তিনি সহমত পোষণ করেছিলেন।

চঞ্চল মোদক

Post Comment

You May Have Missed