৪৫০০ টাকা বেতনের চাকরি করেন তারকাপুত্র? ছেলেকে ‘বেচারা’ বললেন অক্ষয় কুমার
মুম্বই: সিনেমা জগতের প্রতি কোনও আগ্রহ নেই। ফ্যাশন নিয়ে কাজ করতে আগ্রহী ছেলে। সামান্য বেতনের চাকরিতে হাতও পাকানোও শুরু হয়ে গিয়েছে। ছেলে আরভকে নিয়ে এমনই তথ্য সামনে আনলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ঠিক কত টাকা বেতন পাচ্ছেন ছেলে, তাও খোলসা করেছেন নায়ক। (Akshay Kumar)
ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে সেভাবে কখনও আলোচনা করতে দেখা যায় না অক্ষয়কে। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা প্রায় একই রকমের। ও স্বাস্থ্য সচেতন, আমিও। ও লম্বা, মনোযোগী। ও কাজ ভালবাসে। কিন্তু ও সিনেমায় যোগ দিতে চায় না। কোনও পরিকল্পনাই নেই ওর। ও ফ্যাশনে কাজ করতে চায়।” (Bollywood News)
আরভ ইতিমধ্যে কাজও করতে শুরু করে দিয়েছে বলে জানান অক্ষয়। বলেন, “বেচারা আজও ৪৫০০ টাকার চাকরি করছে। ভাল কথাই, কেনই করবে না। বিভিন্ন গ্রামে যাচ্ছে। সেখান থেকে ফ্যাশন শিখছে। নানা রকমের নকশা, আরও অনেক কিছু।”
ছেলেমেয়ে মানুষ করা নিয়ে অক্ষয় জানান, তিনি ছেলেমেয়ের উপর কিছু চাপিয়ে দেন না। বেঁধে রাখেন না ছেলেমেয়েদের। অক্ষয়ের কথায়, “আমি লেকচার দিই না-কাউকে দিই না। বিশেষ করে ছেলেকে তো নয়ই। শুধু একটা জিনিস: কারও ক্ষতি কোরো না। কাউকে আঘাত কোরো না। ব্যাস এটাই। বাকি, নিজের জীবন ওর নিজের মতো করেই সামলানো উচিত।”
অক্ষয় এবং টুইঙ্কল খন্নার বড় ছেলে আরভ। ১৫ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য় বিদেশ চলে যান। এই মুহূর্তে লন্ডন ইউনিভার্সিটিতে পাঠরত তিনি। তবে অন্য তারকাসন্তানদের তুলনায় তাঁকে একেবারে দেখাই যায় না। পাপারাৎজিদের এড়িয়েও চলেন সচেতন ভাবেই। কদাচিৎ যাও বা দেখা যায় তাঁকে, ক্যামেরা দেখলেই ছুটে বেরিয়ে যান, মুখ ঢাকার চেষ্টা করেন। অক্ষয় এবং টুইঙ্কলের এক মেয়েও রয়েছে, নিতারা। অক্ষয় এবং টুইঙ্কল প্রায়শই ছেলে এবং মেয়ের ছবি পোস্ট করেন সোশ্য়াল মিডিয়ায়। তবে আরভ সোশ্য়াল মিডিয়ায় তেমন সক্রিয় নন।
অক্ষয়ের ছবি ‘ভূত বাংলা’ মুক্তি পেয়েছে সম্প্রতি। সেটি একটি হরর কমেডি। প্রিয়দর্শনের পরিচালনায় ফের অভিনয় করলেন অক্ষয়। ছবিতে রয়েছেন পরেশ রাওয়াল, তব্বু, ওয়ামিকা গাব্বি, রাজপাল যাদব। অক্ষয়ের পরবর্তী ছবি ‘ওয়েলকাম টু জাঙ্গল’। জ্যাকি শ্রফ, রবীনা ট্যান্ডন রয়েছেন ছবিতে। ‘ওয়েলকাম টু জাঙ্গল’ ২৬ জুন মুক্তি পাবে।



Post Comment