২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট, তার আগে ফের একবার অ্যাকশনে ED, একসঙ্গে ৯ জায়গায় অভিযান !
পার্থপ্রতিম ঘোষ, সত্যজিৎ বৈদ্য, হাবড়া, উত্তর ২৪ পরগনা : দ্বিতীয় দফার ভোটের আগে রেশন দুর্নীতি মামলায় ED অভিযান। কলকাতা, উত্তর ২৪ পরগনার হাবড়া, বর্ধমান-সহ ৯ জায়গায় তল্লাশি, খবর ED সূত্রে। ২০২০-র অক্টোবরে বসিরহাট থানায় দায়ের মামলার সূত্রে অভিযান। ৬ বছর আগে সেই মামলায় ৩ জনকে গ্রেফতারও করা হয়েছিল। ঘোজাডাঙা কাস্টমসের ডেপুটি কমিশনারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছিল। FCI-এর সরকারি গম কালোবাজারি ও বাংলাদেশে পাচারের অভিযোগ ওঠে। তদন্ত গ্রহণ করে ED, আজ সেই মামলাতেই ৯ জায়গায় চলছে অভিযান, খবর ED সূত্রে।
হাবড়ায় একাধিক চাল ব্যবসায়ীর বাড়িতে ED অভিযান। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হাবড়ার জয়গাছি নেতাজি রোডে ED অভিযান ব্যবসায়ী সমীর চন্দের বাড়িতে ED আধিকারিকরা। ED সূত্রে খবর, হাবড়ার চালপট্টিতে চালের কারবার করেন ওই ব্যবসায়ী। রেশন দুর্নীতি মামলায় তদন্তে ব্যবসায়ী সমীর চন্দের নাম উঠে এসেছে, খবর ED সূত্রে। হাবড়ার আরও এক ব্যবসায়ী সাগর সাহার বাড়িতেও ED অভিযান। হাবড়ার শ্রীনগর মেন রোডে সাগর সাহার বাড়িতে চলছে ED তল্লাশি। অন্যদিকে, হাবড়ার আরও এক চাল ব্যবসায়ী রাজীব সাহার প্রতিষ্ঠানে ED হানা।
হাবড়ায় একাধিক চাল ব্যবসায়ীদের বাড়িতে পৌঁছে গেলেন ED আধিকারিকেরা। সাতসকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হাবড়ার জয়গাছি নেতাজি রোডে, ব্যবসায়ী সমীর চন্দের বাড়িতে আসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ED সূত্রে খবর, হাবড়ার চালপট্টিতে চালের কারবার করেন তিনি। রেশন দুর্নীতি মামলায় তদন্তে নেমে তাঁর নাম উঠে আসে। এখন কোথা থেকে চাল কেনা হয়, মান্ডিতে কী নামে সেই চাল যায় সেসব নানা বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। হাবড়ার শ্রীনগর মেন রোডে, আরেক চাল ব্যবসায়ী সাগর সাহার বাড়িতেও গিয়েছেন ED আধিকারিকেরা।
ভোটের আবহে অতিরিক্ত সক্রিয় ইডি। কদিন আগেই ফ্ল্যাট প্রতারণা মামলায় অভিনেত্রী এবং প্রাক্তন সাংসদ নুসরত জাহানকে তলব করেছিল ইডি। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। এর আগে এবারের ভোটে তৃণমূলের প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি, অফিস, শ্বশুরবাড়িতেও অভিযান চালায় ইডি। কয়েকদিন আগে বেহালার ব্যবসায়ী জয় এস কামদারকেও গ্রেফতার করেছে ইডি। এর পাশাপাশি আইপ্যাকের অন্যতম কর্ণধার ঋষি রাজ সিং-কেও তলব করা হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। কলকাতা পুলিশের আধিকারিক (ডিসিপি) শান্তনু সিন্হা বিশ্বাস এবং তাঁর এক ছেলেকেও তলব করেছে ইডি। এই পুলিশ আধিকারিকের ফ্ল্যাটে প্রায় ২১ ঘণ্টা তল্লাশি চালায় ইডি। এমনকী অভিযান চালানো হয় পুলিশ আধিকারিকের বাড়ির পাশে এক কোচিং সেন্টার এবং তাঁর ছেলের অফিসেও।



Post Comment