সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন পোস্ট, ক্রিকেট ছাড়লেন রুট

লন্ডন: পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেন রুট। সোশ্য়াল মিডিয়ায় নিজের অবসরের খবরটি পোস্ট করেছেন নিজেই। আবেগঘন পোস্টে বার্তা দিয়েছেন ১৪ বছরের পেশাদার ক্রিকেটকে ইতি টানার বিষয়ে। প্রথম দুটো লাইন পরে অবাক হচ্ছেন? আসলে ইনি জো রুট নন, বিলি রুট। জো রুটের ভাই। দুই ভাই মিলে একসঙ্গে ২২ গজে পথ চলা শুরু করেছিলেন। শেষ পর্যন্ত ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানালেন বিলি। যদিও জো রুট এখনও ইংল্য়ান্ড জার্সিতে খেলছেন। এই মুহূর্তে টেস্ট ফর্ম্য়াটে ইংল্য়ান্ডের অধিনায়কও জো রুট। 

 

বিলি রুট ২০২৬ মরশুমের পরই ক্রিকেটকে পাকাপাকিভাবে অবসর জানাতে চান। সাতটি মরশুম কাউন্টি ক্রিকেটে গ্ল্যামরগানের হয়ে খেলেছেন। শুরুটা করেছিলেন নটিংহ্যামশায়ারের হয়ে। পেশাদার ক্রিকেটে ভালো-মন্দের প্রতিটি মুহূর্তে পাশে থাকা সতীর্থ, কোচ, সাপোর্ট স্টাফ ও সমর্থকদের ধন্য়বাদ জানিয়েছেন বিলি রুট। একইসঙ্গে ৩৪ বছর বয়সি এই ক্রিকেটার জানান, ১৪ বছরের দীর্ঘ যাত্রার কোনও কিছু নিয়েই তাঁর আফসোস নেই ও শৈশবের ভালোবাসাকে পেশা হিসেবে বেছে নিতে পেরে তিনি অত্যন্ত কৃতজ্ঞ। দেশের জার্সিতে খেলার সুযোগ না হলেও কাউন্টি ক্রিকেটে বিলি রুট একজন বড় ক্রিকেটার ছিলেন। গ্ল্যামারগনের হয়ে সাত বছরের কেরিয়ারে বিলি প্রায় ৫ হাজার রান করেছেন। ঝুলিতে পুরেছেন ট্রফিও। 

জো রুটের ভাই। কিন্তু বিলি রুট নিজের আলাদা একটা পরিচিতি তৈরি করেছেন। গ্ল্যামারগন ও নটিংহ্যামশায়ারের হয়ে দীর্ঘ সময়ে ধরে ভাল পারফর্ম করেছেন। জো ও বিলি ২ ভাই একসঙ্গে ‘শেফিল্ড কলেজিয়েট ক্রিকেট ক্লাব’র হয়ে খেলতেন আগে। 

জো রুট এই মুহূর্তে সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় সর্বাধিক রানের মালিক টেস্ট ফর্ম্য়াটে। তবে যেভাবে রুট এগোচ্ছেন তাতে সচিনের রেকর্ড ভেঙে যেতে পারে যে কোনও সময়ে। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে ইংল্য়ান্ড একপেশে জয় ছিনিয়ে নিয়েছে। সেখানেই রুটও একের পর এক রেকর্ড গড়েছেন। টেস্টে ক্যাচ নেওয়ার নিরিখেও এই মুহূর্তে সবার ওপরে রয়েছেন রুট। বার্মিংহাম টেস্ট ম্যাচের আগে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার ক্ষেত্রে স্টিভ স্মিথ ও জো রুট সমান জায়গায় ছিলেন। স্মিথ টেস্ট ম্যাচে ২১৯টি ক্যাচ নিয়েছেন, কিন্তু জো রুট এখন তাঁকে ছাপিয়ে গিয়েছেন।



Post Comment

You May Have Missed