লড়াই শেষ, প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস
Last Updated:
Former minister Ujjal Biswas passes away at 72: গত কয়েকদিন ধরেই ভেন্টিলেশনে ছিলেন উজ্জ্বল বিশ্বাস ৷ দুর্গা পুজোতেই অসুস্থ হয়েছিলেন ৷ সপ্তমীর দিন কলকাতায় স্থানান্তরিত করা হয় তাঁকে ৷ মূত্রনালীর সংক্রমণ, নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হন ৷ এরপর কিডনি কাজ না করায় ডায়ালিসিস চলছিল ৷ গত ৫ অক্টোবর তাঁর বাইপাস সার্জারি হয়েছিল ৷
কলকাতা: প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। বাইপাস সার্জারির পর তাঁর মস্তিষ্কে স্ট্রোক হয় বলে জানা গিয়েছে। এরপর থেকেই তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে শুরু করে। একে একে নিউমোনিয়া, মূত্রনালিতে সংক্রমণ (UTI) এবং সেপটিক শকের মতো মারাত্মক সমস্যায় আক্রান্ত হন তিনি। শরীরের একাধিক অঙ্গ বিকল হওয়ার উপক্রম হওয়ায় তাঁকে সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল। লড়াই শেষ হল বুধবার ৷ প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ৷
বেশ কিছুদিন ধরেই চলছিল মৃত্যুর সঙ্গে লড়াই। একে একে বিকল হয়ে পড়ছিল একের পর এক অঙ্গ। বুধবার সন্ধ্যায় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। নিউমোনিয়া ও মূত্রনালীর সংক্রমণ তো ছিলই। পাশাপাশি সেপটিক শক এবং রেনাল ফেলিওরের জেরে পরিস্থিতি গুরুতর আকার নিয়েছিল বলে জানিয়েছিলেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা।
দুর্গাপুজোর পঞ্চমীর দিন অসুস্থ হয়ে পড়েছিলেন প্রাক্তন মন্ত্রী। সপ্তমীর দিন তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর থেকে ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হয়েছে উজ্জ্বল বিশ্বাসের। ট্র্যাকিওস্টোমির মাধ্যমে প্রাক্তন মন্ত্রীর শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছিল। তাঁকে রাখা হয়েছিল মেকানিক্যাল ভেন্টিলেশনে। পাশাপাশি চলছিল হেমোডায়ালিসিস বা কৃত্রিম পদ্ধতিতে রক্ত পরিশোধন)।
কৃষ্ণনগর দক্ষিণের তিন বারের বিধায়ক ছিলেন উজ্জ্বল বিশ্বাস। ২০১১, ২০১৬, ২০২১ বিধানসভায় তিনি জেতেন। ২০২৬-এ বিজেপির কাছে পরাজিত হন। মমতার জমানায় মন্ত্রী ছিলেন তিনি। গত জুন মাসে ত্রান সামগ্রী চুরির অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর কৃষ্ণনগরের বাড়িতে পুলিশ হানা দেয়। বাড়িতে ত্রাণসামগ্রী মজুত রাখার অভিযোগে উজ্জ্বল বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। প্রায় ৪৯ দিন একটানা জেলবন্দি থাকার পর গত ২৮ জুলাই শর্তসাপেক্ষে জামিন পান তিনি।

Post Comment