বাথরুমে রাখা হুমকি চিঠি, কলকাতায় এয়ার ইন্ডিয়ার বিমানে অপহরণ আতঙ্ক! বিমানবন্দরে ‘হাইজ্যাক অ্যালার্ট’
Last Updated:
কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার AI 2772 বিমানে হাইজ্যাকের হুমকি ঘিরে চাঞ্চল্য। টেক অফের আগে বিমানের ভিতরে হাইজ্যাক সংক্রান্ত চিরকুট দেখতে পেয়ে ATC-কে সতর্ক করেন পাইলট। সূত্রের খবর, এর পরেই সমস্ত যাত্রীকে বিমান থেকে নামিয়ে সেটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। বুধবার সকাল ১০টা ২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে।
কলকাতাঃ কলকাতা বিমানবন্দরে হাইজ্যাক আতঙ্ক! টেক অফের ঠিক আগে মুম্বইগামী বিমানে হাইজ্যাক সংক্রান্ত হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়াল দমদম বিমানবন্দরে। বুধবার সকাল ১০টা ২০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটেছে। বিমানবন্দর সূত্রে খবর, এয়ার ইন্ডিয়া (ভিস্তারা)-র AI 2772 নম্বরের বিমানটি কলকাতা থেকে মুম্বই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় বিমানের ভিতরে হাইজ্যাক সংক্রান্ত একটি চিরকুট দেখতে পাওয়া যায়। এর পরেই পাইলট এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC)-কে বিষয়টি জানান।
টেক অফের আগে পাইলটের সতর্কবার্তা
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বিমানটি একটি এয়ারবাস A320 নিও। বুধবার সকালে মুম্বইগামী বিমানটি টেক অফের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় বিমানের ভিতরে হাইজ্যাক সংক্রান্ত একটি চিরকুট নজরে আসে। সূত্রের খবর, বিমানের ওয়াশরুমের আয়নায় হাইজ্যাক সংক্রান্ত কিছু লেখা দেখতে পাওয়া গিয়েছিল। বিষয়টি নজরে আসতেই পাইলট ATC-কে সতর্কবার্তা পাঠান।
বিমান থেকে নামানো হল যাত্রীদের
হাইজ্যাকের হুমকির খবর পাওয়ার পরেই বিমানের সমস্ত যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। আচমকা এরকম ঘটনায় আতঙ্কে যাত্রীরা। এরপর বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়েছে। বিমানের ভিতরে কোনও সন্দেহজনক বস্তু রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা বিষয়টি ঘিরে বিমানবন্দরে নিরাপত্তা সংক্রান্ত তৎপরতা শুরু হয়েছে।
তদন্তে বিমানবন্দর কর্তৃপক্ষ
হাইজ্যাক সংক্রান্ত হুমকির উৎস কী, কে বা কারা, কখন বিমানের ভিতরে ওই চিরকুট রেখেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Post Comment