Dilip Ghosh: ‘পরিবর্তনের হাওয়ায় কারও যদি পরিবর্তন হয়…’, বাবুনের পুজোয় শুভেন্দু, কী বলছেন দিলীপ?
Last Updated:
বাবুন বন্দ্যোপাধ্যায়ের পুজোয় হাজির হওয়ার জন্য গতকাল কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাডা়য় যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় ধাক্কা দিয়ে মঙ্গলবার কালীঘাটে তাঁর নিজের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের কালীপুজোয় হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ যা নিয়ে রাজনৈতিক মহলে তো বটেই, বিজেপি-র অন্দরেও জোর চর্চা শুরু হয়েছে৷ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের পুজোয় মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ৷
তবে মমতার ভাই বাবুনের বর্তমান অবস্থান নিয়ে সাবধানী মন্তব্য করেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী৷ দিলীপ ঘোষ বলেন, ‘বাবুন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আগেও খবর হয়েছে। উনি দিল্লি গিয়েছিলেন। পরিবর্তনের হাওয়ায় যদি কারওর মধ্যে পরিবর্তন হয় সেটা তো ভাল কথা। কেউ যদি উন্নয়নের আওতায় আসতে চান, সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে চায় সেটা ভাল কথা। মুখ্যমন্ত্রী নিজে গিয়েছেন। নিশ্চয়ই ওঁদের মধ্যে অনেক বিষয়ে কথাবার্তাও হয়েছে।’
তাঁর ক্লাবের পুজোয় মুখ্যমন্ত্রী উপস্থিত হওয়ার পর শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বাবুন৷ আবার একই সঙ্গে নিজের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ভাইফোঁটায় ডাকেন না বলেও সরব হয়েছেন তিনি৷
একদিকে যখন নিজের ভাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করছেন, অন্যদিকে আবার কালীঘাটের বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভাইফোঁটার অনুষ্ঠান না করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত নিয়েও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ৷
পঞ্চায়েতমন্ত্রী বলেন, ‘আসলে সবাই ক্ষমতার কাছাকাছি থাকতে ফোঁটা নিতে যেতেন। আজ ক্ষমতা নেই, তাই ফোঁটা নেই। অনেক ভাই ছিল। যাঁরা নাকি ৩০ – ৪০ বছর ধরে ওনার থেকে ফোঁটা নিতেন, সেই ভাইয়েরা আজ ওখানে যায় কিনা দেখা যাক। যাঁরা ওনার কাছে ফোঁটা নিতে আসত তাঁরা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসতেন না। মুখ্যমন্ত্রীর কাছে আসতেন। উনি এখন মুখ্যমন্ত্রী নেই। তাই ফোঁটা নেই।’

Post Comment