ভারতকে ‘শিক্ষা’ দিতে চেয়েছিলেন, ডোকলাম-গালওয়ানে বড় ভূমিকা, সেই সেনা আধিকারিককে সরালেন জিনপিং

নয়াদিল্লি: আমেরিকার শুল্কশাস্তির দরুণ থিতিয়েছে সংঘাত। বরং পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়েছে ভারত এবং চিনের মধ্যে। সেই আবহেই বড় পদক্ষেপ বেজিংয়ের। জেনারেল ঝাও জ়োংকিকে পদ থেকে সরানো হল। চিনের পিপলস লিবারেশন আর্মির ওয়েস্টার্ন থিয়েটার কম্যান্ডের নেতৃত্বে ছিলেন ঝাও। ২০১৭ সালে ডোকলাম এবং ২০২০ সালে গালওয়ান সংঘর্ষের সময় নেতৃত্বে ছিলেন ঝাও। তিনি ভারতকে ‘শিক্ষা’ দিতে চেয়েছিলেন বলে সামনে আসে। এবার তাঁকে পদ থেকে সরাল চিন। (Xi Jinping Removes Zhao Zongqi)

চিনের পিপলস পলিটিক্যাল কনসাল্টেটিভ কনফারেন্সে  ঝাওকে পদ থেকে সরানোর সিদ্ধান্ত গৃহীত হয়। ২৬ অগাস্ট ঝাওয়ের পিপলস পলিটিক্যাল কনসাল্টেটিভ কনফারেন্সের সদস্যপদ কেড়ে নেওয়া হয়, সরানো হয় আরও দুই পদ থেকে। পিপলস লিবারেশন আর্মি-তে বড় রদবদল হতে চলেছে বলে খবর। প্রেসিডেন্ট শি জিনপিং নতুন ভাবে সাজাতে চাইছেন দেশের সেনাবাহিনীকে। আর তাতেই পদ হারালেন ঝাও। (India-China Relations)

আরও পড়ুন: অল্পদিনেই নামডাক, মৃত্যু জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের, অপহরণ, শারীরিক নির্যাতন, গাছে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয় গায়ে?

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এর আগে, গত ২৮ অগাস্ট চিনের সেন্ট্রাল মিলিটারি কমিশন থেকে ছেঁটে ফেলা হয় দুই শীর্ষস্তরীয় জেনারেল, ঝাং ইউশিয়া এবং লিউ ঝেংলিকে। তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ এবং আইন লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ ছিল। সেই নিয়ে তদন্ত চলছিল এতদিন। এর ফলে চিনের সেন্ট্রাল মিলিটারি কমিশনে জিনপিংকে নিয়ে বর্তমানে শুধুমাত্র দুই সদস্যই রয়ে গেলেন।  একসময় সাত সদস্য ছিলেন ওই কমিশনে। দুর্নীতির বিরুদ্ধে ২০১২ সালে ওই কমিশনের সূচনা করেন জিনপিং। একে একে অনেকের নামেই অভিযোগ ওঠে এবং পদ থেকে সরানো হয় তাঁদের।

আরও পড়ুন: ‘ভালবাসা চুরি’র অভিযোগ, স্বামীর প্রেমিকার কাছ থেকে ৫০ কোটি ক্ষতিপূর্ণ চাইলেন স্ত্রী, আদালত বলল…

চিনের পিপলস লিবারেশন আর্মিই তিব্বত, শিনজিয়াং এবং ভারত সীমান্তের কার্যক্রম পরিচালনা করে। গালওয়ানে ভারতীয় সেনার সঙ্গে যে সংঘর্ষ বাধে তাদের, তার নির্দেশ ঝাও-ই দিয়েছিলেন বলে খবর। ডোকলামে ৭২ দিন ধরে মুখোমুখি অবস্থান করে ভারত এবং চিনের সেনা। ২০২০ সালের মে মাসে গালওয়ানে যে সংঘর্ষ বাধে তাতে বহু প্রাণহানিও হয়। ভারতের তরফে ২০ জন সৈনিক প্রাণ হারান। পরবর্তীতে জানা যায়, চিনের তরফে ৩৮ জনের প্রাণহানি ঘটে। ভারতকে ঝাও ‘শিক্ষা’ দিতে চেয়েছিলেন বলে জানা যায় সেই সময়। ঝাওকে সরানোর কোনও কারণ এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে বিষয়টি নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে। 

Post Comment

You May Have Missed