বিজেপি বনাম বিজেপি, উত্তেজনা ছড়িয়েছিল এন্টালির পদ্মপুকুরে, অভিযুক্ত নেতাকে সাময়িকভাবে বরখাস্ত

কলকাতা : বিজেপির দুই গোষ্ঠীর দ্বন্দ্বের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছিল এন্টালির পদ্মপুকুরে। দুর্গাপুজোর খুঁটি পুজোকে কেন্দ্র করে তৈরি হওয়া ঝামেলা ছড়ায় এন্টালি থানা চত্বরেও। থানার গেটে বিজেপি নেতার তালা ঝুলিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল হয়। সেই ঘটনায় কড়া পদক্ষেপ করল বিজেপি। অভিযুক্ত বিজেপি নেতা সুদীপ রামকে সাময়িকভাবে বরখাস্ত করে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে রাজ্য বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি। 

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে পদ্মপুকুরে, দুর্গাপুজোর খুঁটি পুজোকে কেন্দ্র করে ব্য়াপক বিবাদ বাধে। এমনকী এন্টালি থানায় তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনার দু’সপ্তাহ পর, দলের নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল রাজ্য বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি। অভিযুক্ত বিজেপি নেতা সুদীপ রামকে সাময়িকভাবে দল থেকে বরখাস্ত করা হল। পাশাপাশি এক সপ্তাহের মধ্যে তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে। 

‘দুর্নীতির বিরুদ্ধে অভিযান থামাব, এমন ভাবার কারণ নেই’, TRDA দুর্নীতি নিয়ে সরব মুখ্যমন্ত্রী, প্রয়াত তৃণমূল নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে আর কী বললেন শুভেন্দু অধিকারী? 

কে এই সুদীপ রাম? বিজেপির উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ছিলেন তিনি। এরই সঙ্গে হিন্দু সেবা দলের রাজ্য সভাপতি। ঘটনার সূত্রপাত ১২ অগাস্ট। কলকাতা পুরসভার পদ্মপুকুর পার্কে শারদোৎসবের সূচনা হিসেবে খুঁটিপুজো হয়। অভিযোগ, ২ দিনের মাথায় ১৪ অগাস্ট রাতে কেউ সেই খুঁটি উপড়ে দেয়। ঘটনা জানাজানি হতেই, পার্কের সমস্ত গেটে কেউ বা কারা তালা ঝুলিয়ে দেয়। একে অপরের দিকে আঙুল তোলে বিজেপির দুই গোষ্ঠী। খুঁটি উপড়ে দেওয়ার প্রতিবাদে, ১৪ অগাস্ট রাতেই লোকজন নিয়ে এন্টালি থানায় হাজির হন বিজেপি নেতা সুদীপ রাম। থানার প্রধান গেটে তালা ঝুলিয়ে দেন। বাইরে রাতভর চলে বিক্ষোভ। ভাইরাল হওয়া ভিডিওতে পুলিশকে হুঁশিয়ারি দিতেও শোনা যায় বিজেপি নেতা সুদীপ রামকে। 

এই প্রেক্ষাপটে দলীয় নেতার বিরুদ্ধেই কড়া পদক্ষেপ করেছে রাজ্য বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটি। চিঠিতে লেখা হয়েছে, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরবর্তী সময়ে ভয়ভীতি প্রদর্শন, হুমকি, জোরপূর্বক থানা বন্ধ করা-সহ একাধিক দলবিরোধী কার্যকলাপের অভিযোগ এসেছে যা অত্যন্ত লজ্জাজনক এবং দলীয় সংবিধান বিরোধী। তারপর, চিঠিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশে ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশে দলবিরোধী কার্যকলাপের জন্য আপনাকে আগামী ৭ দিনের মধ্যে এই দলবিরোধী কার্যকলাপের কারণ জানাতে হবে এবং আগামী নির্দেশ না পাওয়া অবধি আপনাকে দল থেকে সাময়িক বরখাস্ত করা হল। 

Post Comment

You May Have Missed