বাজেটে সপ্তম বেতন কমিশন, DA ঘোষণা? প্রত্যাশা বাড়ছে, ‘ভরসা আছে’, বলছেন ভাস্কর ঘোষ
কলকাতা: রাত পোহালেই পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রথম বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আর তার আগে আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা। কারণ সূত্রের খবর, সরকারি কর্মচারীদের DA নিয়ে বড় ঘোষণা করতে চলেছেন অর্থমন্ত্রী। কী সেই ঘোষণা, তা নিয়ে জল্পনা তুঙ্গে এই মুহূর্তে।
শপথের পর এবার ‘সংকল্প’ পূরণের পালা। শপথ গ্রহণের ১১ দিনের মাথায় সপ্তম বেতন কমিশন গঠনে সবুজ সঙ্কেত দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আর সোমবার প্রথম বাজেট পেশ করবে রাজ্যের প্রথম বিজেপি সরকার। সূত্রের খবর, সরকারি কর্মচারীদের DA নিয়ে বড় ঘোষণা করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন। আর তাতেই আশায় আশায় বুক বাঁধছেন, সরকারি কর্মীরা।
কেন্দ্রীয় হারে DA-র দাবিতে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাওয়া, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বাজেটের আগে মুখ খুলেছেন এবিপি আনন্দে। তাঁর বক্তব্য, “DA-র বিষয়টি নিয়ে বলেছিলে যে, বর্তমানের DA-র যে ৪২ শতাংশ বকেয়া, তার বড় অংশ মিটিয়ে দেওয়া হবে। আমাদের ভরসা আছে তাঁর প্রতি। আশা করি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁরা যে, পশ্চিমবঙ্গের কর্মচারীরা ভবিষ্যতে AICIP অনুযায়ীই মহার্ঘভাতা পাবেন, সেটা যদি দিতে হয়, তাহলে ৪২ শতাংশ যত দ্রুত সম্ভব মেটানো প্রয়োজন।”
আরও পড়ুন: নতুন সরকারের বাজেট আজ, সিঙ্গুরে শিল্প আসবে কি? হবে কর্মসংস্থান? প্রত্যাশা তুঙ্গে
রাজ্যের নতুন সরকারের প্রতি আস্থা প্রকাশ করে ভাস্কর আরও বলেন, “সরকার যে দৃষ্টিভঙ্গি অন্তত আমাদের সঙ্গে দেখিয়ে যাচ্ছে, রাখছে, তাতে এই মুহূর্তে অনেকেই বলছেন যে পথে নামার সময় হয়ে গিয়েছে। আমরা সেটা মনে করছি না। আগামী কাল বাজেট। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি।”
অন্য দিকে, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, “১ জুন ২০২৬-এ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন এই DA-র ব্যাপারে। তিনি নিজের মুখে বলেছেন যে ‘বিগত সরকার চিরকূটে যে DAটা ছুড়ে মেরেছে, সেটা আমরা করব না। আগামী ২২ জুন বাজেটে আপনাদের একটা গুড নিউজ দিতে চাই’। বেতন কমিশন গঠন করতে হলে আমাদের ৪২ শতাংশ মহার্ঘভাতা বাকি আছে। অর্থাৎ ১৮ শতাংশ দিয়েছে, ৪২ শতাংশ বাকি। আমাদের দাবি মুখ্যমন্ত্রীর কাছে যে তিনি ৪২ শতাংশ DA-টাই ঘোষণা করে দিন তিনি।”
কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ৬০ শতাংশ হারে DA পান। এ রাজ্যের আন্দোলনকারী সরকারি কর্মী সংগঠনগুলির দাবি, খাতায় কলমে ফারাক ৩৮%। তবে বকেয়া DA নিয়ে আইনি জট না কাটায় বাস্তবে কেন্দ্রের সঙ্গে ফারাক ৪২ শতাংশ। সররকারি কর্মী আশিসকুমার মাজি বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমাদের বকেয়া DA এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে ৪২ শতাংশ বকেয়া DA, সেব্যাপারে উনি সদর্থক ভূমিকা গ্রহণ করবেন এবং আমাদের প্রত্যাশা অনেকটাই পূরণ করবেন বলে আমরা আশাবাদী।” আর এক সরকারী কর্মী সুনীতিকুমার নায়েক বলেন, “এই সরকারের কাছে আগামী কালের বাজেটে প্রত্যাশা থাকবে বিপুল পরিমাণ বকেয়া DA কত দ্রুত পরিশোধ করার পরিকল্পনা থাকবে।”
নিয়ম অনুযায়ী, সপ্তম বেতন কমিশনে নতুন বেতন কাঠামো ঘোষণার আগে সমতা আনতে হবে কেন্দ্র-রাজ্য DA-র মধ্যে। সেক্ষেত্রে মিটিয়ে দিতে হবে বকেয়া ৪২ শতাংশ। বদলের বাংলায় বাজেট প্রস্তাবে DA নিয়ে কী দিশা দেখাবেন অর্থমন্ত্রী, তার উত্তর মিলবে সোমবার।
Narendra Modi News: দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি যুদ্ধজাহাজ উদ্বোধন করলেন মোদি



Post Comment