‘প্রেম আমার’-এর স্মৃতি ফেরাচ্ছেন সোহম, থাকছেন জিৎ গঙ্গোপাধ্যায় ও! কোন সিনেমা? পরিচালক কে?
কলকাতা: ২০০৯ সালে মুক্তি পেয়েছিল, সোহম চক্রবর্তী এবং পায়েল সরকার অভিনীত সিনেমা, ‘প্রেম আমার’। সেই সিনেমায় একটি গান ভীষণ জনপ্রিয় হয় সেই সময়ে। ‘বোঝে না সে বোঝে না.. সে তো আজও বোঝে না..’। সিনেমার সঙ্গীত পরিচালক ছিলেন, জিৎ গঙ্গোপাধ্যায় (Jeet Ganguly)। সিনেমার পরিচালক ছিলেন, রাজ চক্রবর্তী। ছবির এই গানটি এতটাই জনপ্রিয় হয় যে, পরবর্তীতে ‘বোঝে না সে বোঝে না’ বলে আরও একটি সিনেমা করেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। পায়েল এবং সোহম ছাড়াও, এই ছবিতে ছিলেন মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়। ২০১২ সালে মুক্তি পাওয়া এই সিনেমাও বক্স অফিসে ছাপ ফেলেছিল। আর এবার, জনপ্রিয় এই গানেরই দ্বিতীয় লাইন নিয়ে, সিনেমা পরিচালনার কাজ শুরু করলেন, রণ রাজ। ‘সে তো আজও বোঝে না’।
‘প্রেম আমার’-এর স্মৃতি ছুঁয়ে নতুন সিনেমা
চলতি বছরের অক্টোবর মাসের শুরুতে, ২ অক্টোবর মুক্তি পাওয়ার কথা এই ছবিটি। সিনেমার মুখ্যচরিত্রে অভিনয় করছেন, সোহম চক্রবর্তী (Soham Chakraborty), প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar), দেবাশীষ মন্ডল (Debasish Mondal), বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee) ও অন্যান্যরা। ছবির সঙ্গীত পরিচালকের ভূমিকায় রয়েছে বিশেষ চমক। ‘প্রেম আমার’-এর স্মৃতি ছুঁয়ে এই ছবিতেও সঙ্গীত পরিচালনার দায়িত্ব পালন করবেন, জিৎ গঙ্গোপাধ্যায়। বর্তমানে যোগাযোগের অসংখ্য মাধ্যম, কিন্তু মনের কথাটাই হয়তো বলা হয়ে ওঠে না। ভালোবাসা, বন্ধুত্ব, স্বপ্ন এবং দায়িত্ববোধের টানাপোড়েনে নিজেদের হারিয়ে ফেলে মানুষ। আর যখন অনুভূতি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়, তখন হয়তো অনেকটা দেরি হয়ে যায়। সেই সমস্ত ভাবনা নিয়েই আসছে নতুন সিনেমা, ‘সে তো আজও বোঝে না’।
এই গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম, মৈনাক। একেবারে সাদামাঠা জীবনযাপন করা একটি ছেলে, যাঁর সবচেয়ে কাছের দুই মানুষ মেঘলা ও জাহির। বন্ধুত্বের আড়ালে মেঘলার প্রতি মৈনাকের মনে জন্ম নেয় গভীর ভালোবাসা। কিন্তু সেই অনুভূতি প্রকাশ করার সাহস সে খুঁজে পায় না। সময় এগিয়ে যায়, সম্পর্ক বদলে যায়, মানুষ দূরে সরে যায়। মৈনাক সাফল্যের শিখরে পৌঁছলেও তাঁর মন থেকে মুছে যায় না, মেঘলার প্রতি তাঁর ভালবাসা। বহু বছর পরে জীবন যখন তাঁদের আবার মুখোমুখি দাঁড় করায়, তখন সামনে আসে কঠিন প্রশ্ন— অর্থ, প্রতিষ্ঠা ও সাফল্য কি হারিয়ে যাওয়া সময়কে ফিরিয়ে দিতে পারে? নাকি কিছু মানুষ দূরে চলে যাওয়ার পরেও আমাদের স্মৃতি, অভ্যাস ও ভালোবাসার মধ্যে আজীবন বেঁচে থাকে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এগিয়ে যাবে এই সিনেমা।
আরও পড়ুন: Jeet-Dev: মিলে গেল ‘দুই পৃথিবী’! মা-বাবাকে নিয়ে জিতের নতুন সিনেমা দেখতে এলেন দেব!
Kharaj Mukherjee | বাংলা সিনেমার শ্যুটিংয়ে নেপালের পোখরায় গিয়ে বন্দি অভিনেতা খরাজ
Post Comment