পদ্মার ভাঙন রোধের কাজে বজ্রাঘাতে প্রাণ গেল শামসেরগঞ্জের দুই যুবকের, আহত ৩
Last Updated:
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় মহব্বতপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে গোটা এলাকা।
শামসেরগঞ্জ, প্রণব বন্দ্যোপাধ্যায়: মুর্শিদাবাদের লালগোলায় পদ্মার ভাঙন রোধের কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল শামসেরগঞ্জের দুই শ্রমিকের। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন শ্রমিক। সোমবার বিকেলে লালগোলা থানার রেনু বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পদ্মার ভাঙন রোধের কাজ চলাকালীন আচমকা ঝড়-বৃষ্টি শুরু হলে কর্মরত শ্রমিকরা কাছাকাছি একটি আমবাগানে আশ্রয় নেন। শ্রমিকরা বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকলেও এক জায়গায় সাতজন শ্রমিক একত্রিত হয়েছিলেন। সেই সময় প্রবল বজ্রপাত হলে পাঁচজন গুরুতর জখম হন।
তড়িঘড়ি আহতদের উদ্ধার করে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম আমির শেখ (২৪) ও খুরশেদ শেখ (২২)। তাঁদের বাড়ি মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ব্লকের ভাসাইপাইকর গ্রাম পঞ্চায়েতের মহব্বতপুর গ্রামে। আহত তিনজনও একই গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।
সম্প্রতি কিছুটা একই ঘটনা ঘটে পাশের জেলা নদিয়ায়। বজ্রাঘাতে নাকাশিপাড়ায় মৃত ২৷ সূত্রের খবর, বজ্রাঘাতের জেরে এক যুবক এবং এক প্রোঢ়ের মৃত্যু হয়েছে৷ মাঠে কাজ করতে গিয়ে মৃত্যু হয় প্রৌঢ় এবং যুবকের৷
জানা গিয়েছে, চাষের জমিতে কৃষিকাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃতের নাম সুবোধ সরকার (৫২)। তিনি নাকাশিপাড়া থানার ধর্মদা এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে বিল্লগ্রাম এলাকায় মাঠে কৃষিকাজ করছিলেন সুবোধবাবু। সেই সময় আচমকাই বজ্রাঘাতে তিনি গুরুতর জখম হন। ঘটনাস্থলে থাকা সহকর্মীরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সুবোধ সরকারকে উদ্ধার করে বেথুয়াডহরী স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jun 16, 2026 12:05 AM IST




Post Comment