দিনে মাত্র ১০০ টাকা জমানো কি খুব কঠিন? কয়েক বছর এই টাকা পার করতে পারে ১৫ লক্ষের গণ্ডি!
কলকাতা: প্রতিদিন ১০০ টাকা সঞ্চয় করা খুব বড় কোনও বিষয় বলে মনে নাও হতে পারে। কিন্তু নিয়মিত এই সামান্য অর্থ বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে তৈরি হতে পারে মোটা অঙ্কের তহবিল। বিশেষ করে দীর্ঘমেয়াদে সম্পদ তৈরির অন্যতম জনপ্রিয় মাধ্যম মিউচুয়াল ফান্ডের সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP)-এর মাধ্যমে এই বিনিয়োগ করা যেতে পারে। নিজের সামর্থ্য অনুযায়ী বিনিয়োগ শুরু করে আয় বাড়ার সঙ্গে সঙ্গে সেই অঙ্ক বাড়ানোও সম্ভব।
ধরা যাক, আপনি প্রতিদিন ১০০ টাকা করে SIP-এ বিনিয়োগ করছেন। বার্ষিক গড় ১২ শতাংশ রিটার্ন পাওয়া গেলে ৫, ১০ এবং ১৫ বছরে আপনার বিনিয়োগ কত হতে পারে, দেখে নেওয়া যাক।
প্রতিদিন ১০০ টাকা বিনিয়োগ করলে পাঁচ বছরে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে প্রায় ১ লক্ষ ৮২ হাজার টাকা। ১২ শতাংশ বার্ষিক রিটার্নের হিসাব অনুযায়ী, আনুমানিক ৬৭ হাজার ৫৮৯ টাকা লাভ হতে পারে। ফলে মোট তহবিলের পরিমাণ দাঁড়াবে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা।
১০ বছর ধরে প্রতিদিন ১০০ টাকা বিনিয়োগ করলে মোট জমা হবে প্রায় ৩ লক্ষ ৬৫ হাজার টাকা। আনুমানিক রিটার্ন হতে পারে ৩ লক্ষ ৪০ হাজার টাকা। সেক্ষেত্রে মোট তহবিলের পরিমাণ দাঁড়াবে প্রায় ৭ লক্ষ ৫ হাজার টাকা।
১৫ বছরে আপনার মোট বিনিয়োগের পরিমাণ হবে প্রায় ৫ লক্ষ ৪৭ হাজার টাকা। ১২ শতাংশ গড় রিটার্ন ধরে আনুমানিক লাভ হতে পারে ৯ লক্ষ ৮৮ হাজার টাকা। অর্থাৎ, মোট তহবিলের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১৫ লক্ষ ৩৫ হাজার টাকা।
এই হিসাব থেকেই বোঝা যায়, দীর্ঘমেয়াদে কম্পাউন্ডিংয়ের প্রভাব কতটা গুরুত্বপূর্ণ। সময় যত বাড়ে, বিনিয়োগের উপর সম্ভাব্য রিটার্নও তত বাড়তে পারে। তবে মনে রাখতে হবে, মিউচুয়াল ফান্ডের রিটার্ন বাজারের ওঠানামার উপর নির্ভরশীল। ১২ শতাংশ রিটার্ন নিশ্চিত নয়। তাই বিনিয়োগের আগে নিজের আর্থিক লক্ষ্য এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা বিবেচনা করা জরুরি।
(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
Post Comment