‘আমি বুঝিনি.. সবকিছুর একটা সীমা থাকে’, বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে প্রথম পোস্ট নন্দিনীর!

কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla) বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে শুনে, কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। বারে বারে হাতজোড় করে বলেছিলেন, তাঁকে একবার সুযোগ করে দেওয়ার। কিন্তু সঞ্চালক হিসেবে একাবারে কড়া অবস্থান নিতে দেখা গেল, সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)-কে। তিনি স্পষ্টই জানিয়ে দিলেন যে, বিগ বসের ঘরে একবার সুযোগ দেওয়া হয়েছিল নন্দিনীকে। এভিক্ট হয়ে যাওয়ার পরেও ২ দিন নন্দিনীকে সিক্রেট রুমে রাখা হয়েছিল বিগ বসের তরফ থেকে। ফের তাঁকে বিগ বসের ঘরে ফিরিয়ে আনা হয়েছিল, বিশেষ ক্ষমতা দিয়ে। কিন্তু প্রতিযোগী রাজবীর দে (Rajveer Dey)-র সঙ্গে নন্দিনীর ব্যবহার নিয়েই এই কড়া অবস্থান নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 

কেন নন্দিনীকে বেরিয়ে যেতে হল বিগ বসের বাড়ি থেকে?

বিগ বস বাংলার সফরে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নন্দিনী। রাজবীর দে-র সঙ্গে নিজেদের সম্পর্কের কথা গোপন করতে চাননি তাঁরা ২ জনেই। কিন্তু ছোটখাটো কথাতেই,বারে বারেই রাজবীরের গায়ে হাত তুলতেন নন্দিনী। লাইভ স্ট্রিমিং ছাড়াও বিগ বসের মূল এপিসোডগুলিতেও বারে বারে রাজবীর আর নন্দিনীর মধ্যে অশান্তির ছবি ধরা পড়েছে। রাজবীর একাধিকবার নন্দিনীকে বারণও করেছিলেন তাঁর গায়ে হাত না তোলার জন্য। কিন্তু নন্দিনী অপ্রতিরোধ্য… অবশেষে শনিবার, দাদার দরবার-এ সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্টই জানিয়ে দেনন, নন্দিনী এই বাড়ির নিয়ম ভেঙেছেন। কোনো অবস্থাতেই কোনও প্রতিযোগীকে আঘাত করা যাবে না.. এটাই বিগ বসের বাড়ির কড়া নিয়ম। কিন্তু সেই নিয়ম বারে বারে ভেঙেছেন নন্দিনী। আর সেই কারণেই, বিগ বসের ঘরে সফর শেষ করতে হল তাঁকে।

বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট নন্দিনীর

নন্দিনী বেরিয়ে যাওয়ার পরে, সোশ্য়াল মিডিয়া থেকে একটি বিবৃতি প্রকাশ করেছেন তিনি। সেই বিবৃতিতে নন্দিনী লিখেছেন, ‘আমার সফরের সঙ্গী ছিলেন যাঁরা..  বিগ বসের হাউজে যা যা হয়েছে, তা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। ওই ঘরে আবেগপ্রবণ হয়ে যা যা ঘটনা ঘটে গিয়েছে, তা দুর্ভাগ্যজনক। যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা হওয়া উচিত ছিল না। আমার কাজের জন্য আমি ক্ষমা চাইছি। আমি এমন একটা মানুষ যে মন খুলে কথা বলি, নিজে নিজের সমর্থন করতে পারি.. তবে আমি এটাও বুঝি যে, সমস্ত কিছুরই একটা সীমারেখা রয়েছে, যেটা পেরোতে নেই।’

নন্দিনী আরও লিখেছেন, ‘বাড়ির অন্যান্য হাউজমেটসদের কাছে, আমার সঙ্গীর কাছে আমি ক্ষমা চাইছি। যে কারণেই আমি যাদের আঘাত করেছি, তাঁদের প্রত্যেকের কাছে আমি ক্ষমাপ্রার্থী। বিগ বসের ঘরের সফরটা আমার কাছে একটা না ভোলার মতো সফর। যাঁরা আমায় ভালবেসেছেন, সমর্থন করেছেন.. তাঁদের ধন্যবাদ। এই সফরের অভিজ্ঞতা আমার চিরকার মনে থেকে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুধুই এগিয়ে যাব।’

আরও পড়ুন: Nandini Dutta: রাজবীরের গায়ে বারে বারে হাত তোলাই ‘কাল’! বিগ বসের বাড়ি থেকে বের করে দেওয়া হল নন্দিনীকে

Post Comment

You May Have Missed