জমে গেল ‘অরেঞ্জ ক্যাপ’-র লড়াই, শীর্ষে দুই সানরাইজার্স তারকা, কত নম্বরে রয়েছেন বিরাট কোহলি?
নয়াদিল্লি: নাগাড়ে তিন তিনটি জয় এবং এই জয়ের হ্যাটট্রিকের সুবাদেই আইপিএলের লিগ তালিকায় তড়তড়িয়ে উপরের দিকে উঠছে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। ‘অরেঞ্জ আর্মি’র এই সাফল্যের নেপথ্যে ‘অরেঞ্জ ক্যাপ’-র শীর্ষে থাকা দুই ব্যাটার অভিষেক শর্মা (Abhishek Sharma) ও হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen)।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মঙ্গলবার ১৩৫ রানের ইনিংস খেলেন অভিষেক শর্মা। এই ইনিংসের সুবাদেই সতীর্থ ক্লাসেনের মাথা থেকে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিলেন সানরাইজার্স ওপেনার। তিনি সাত ম্যাচে ৫৩.৮৩ গড়ে ৩২৩ রান করেছেন। তাঁর থেকে সামান্যই পিছিয়ে রয়েছেন ক্লাসেন. এই গোটা মরশুম জুড়েই যাঁর ব্যাট নিয়মিত কথা বলছে। দিল্লির বিরুদ্ধেও ক্লাসেন একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তাঁর সংগ্রহ ১৩ বলে ৩৭ রান। যেখানে অরেঞ্জ ক্যাপের দৌড়ে টপ অর্ডার ব্যাটারদের বাড়বাড়ন্ত, সেখানে ক্লাসেনের মতো একজন মিডল অর্ডার ব্যাটারের উপস্থিতিই উল্লেখযোগ্য বিষয়।
এই দুই সানরাইজার্স ব্যাটারের পরে আপাতত টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক শুভমন গিল। গুজরাত টাইটান্স অধিনায়ক পাঁচ ম্যাচে ৫৩ গড়ে ২৬৫ রান করেছেন। তালিকায় চারে রয়েছেন ‘কিং কোহলি‘। বিরাটের সংগ্রহ ছয় ম্যাচে ২৪৭ রান, গড় ৪৯.৪০। আর এই তালিকায় আপাতত পাঁচে ভারতীয় ক্রিকেটের ‘বিস্ময় বালক’ বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালস ওপেনার এখনও পর্যন্ত ছয় ম্যাচে ৪১-র গড়ে ২৪৬ রান করেছে। আইপিএলের ৩১ ম্য়াচ শেষে যে অরেঞ্জ ক্যাপের লড়াই জমে উঠেছে, তা কিন্তু বলাই বাহুল্য।
প্রসঙ্গত উল্লেখ্য, এদিন অরেঞ্জ ক্যাপ লিডার অভিষেকের শতরানের পাশাপাশি ঈশান মালিঙ্গার বোলিংও কিন্তু সানরাইজার্সের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ম্যাচে চার উইকেট নিয়ে ঈশান সাত ম্যাচে মোট ১২ উইকেটের সুবাদে পার্পল ক্যাপ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।
ম্যাচের কথা বললে এদিন প্রথমে ব্যাট করে দুই উইকেটের বিনিময়ে ২৪২ রান করে সানরাইজার্স হায়দরাবাদ। জবাবে নীতীশ রানা অর্ধশতরান হাঁকালেও, দিল্লি ক্যাপিটালসের হয়ে আর কেউই খুব বড় রান করতে পারেননি। নিরন্তর ব্যবধানে উইকেট হারানো রাজধানীর ফ্র্যাঞ্চাইজ়িকে দেখে কখনই মনে হয়নি যে তাঁরা এই রান তাড়া করে জিততে পারবে। শেষমেশ যা হওয়ার তাই হল। ২০ ওভারে নয় উইকেটের বিনিময়ে ১৯৫ রানে থেমে যায় দিল্লি ক্যাপিটালসের ইনিংস। ৪৭ রানে ম্যাচ জেতে সানরাইজার্স।



Post Comment