গোটা বাংলা জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ- জারি সতর্কতা
West Bengal
-Ritesh Ghosh
একটানা ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন দুই বঙ্গেই জোরদার বৃষ্টিপাত হতে চলেছে। উত্তরবঙ্গে তো বৃষ্টি চলছেই, এবার দক্ষিণবঙ্গেও জোর বৃষ্টিপাত হবে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে আগামী সোমবার পর্যন্ত রাজ্যজুড়ে হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া বিজ্ঞানীদের মতে, মৌসুমী বায়ু হঠাৎ করেই অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে বাংলার আকাশে। এর ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে অতিভারী বৃষ্টির আশঙ্কায় আগেভাগেই কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সাধারণ মানুষকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, এদিন বৃহস্পতিবার থেকে কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, আবার কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে সাময়িকভাবে কিছুটা অস্বস্তি বজায় থাকলেও দুপুরের পর তাপমাত্রা কমবে। এরপর শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের চিত্র বদলে যাবে।
শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব কটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দুই মেদিনীপুর, দুই বর্ধমান এবং হাওড়া-হুগলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতরের মতে, শুক্রবার দিনভর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। তার রেশ শনিবার ছাড়িয়ে আরও কয়েকদিন চলবে।
এই সময়ে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হতে পারে এবং উপকূলের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেশি হবে। ধস নেমে জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টির জেরে পাহাড়ি নদীগুলিতে হড়পা বানের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। সতর্ক রয়েছে জেলা প্রশাসনও।
বঙ্গোপসাগর থেকে অনেক পরিমাণ জলীয় বাষ্প ভূখণ্ডে প্রবেশ করাতেই এই অবস্থা তৈরি হয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকেই অবস্থা বদলে যাবে।


Post Comment