ক্যামাক স্ট্রিটে ধুন্ধুমারকাণ্ডের পর রাতারাতি পদক্ষেপ ‘কালীঘাট-তৃণমূল’-এর, কোন পথে অভিষেকরা ?
সৌভিক মজুমদার, কলকাতা : ক্যামাক স্ট্রিটে ধুন্ধুমারকাণ্ডের পর রাতারাতি হাইকোর্টের দ্বারস্থ হল ‘কালীঘাট-তৃণমূল’। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে ই-মেল করা হয়। মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।
গতকাল রাতেই কালীঘাট তৃণমূল-এর তরফ থেকে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে ই-মেল করা হয়েছে। সেই ই-মেলের মাধ্যমে পরিস্থিতি সম্পর্কে অবগত করেছে। তাদের মূল অভিযোগ পুলিশের বিরুদ্ধে নয়। সেখানে তারা কলকাতা পুরসভার বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ এনেছে। তাদের বক্তব্য হল, গতকাল কলকাতা পুরসভা পুলিশকে সঙ্গে নিয়ে এসে যে কাজ ক্যামাক স্ট্রিটের অফিসে করেছে সেটা একেবারে অনভিপ্রেত এবং বেআইনি কাজ। তাদের বক্তব্য, ওখানে যে ব্যানার বা হোর্ডিং ছিল, সেটা যদি সরাতে হয়,সেটা যদি অবৈধ হয় সেসম্পর্কে আগে থেকে কালীঘাট তৃণমূলকে অবগত করার প্রয়োজন ছিল। বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু, সেধরনের কোনও কাজ কলকাতা পুরসভার তরফ থেকে করা হয়নি এবং তারা সরাসরি কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডের বিরুদ্ধেও একাধিক অভিযোগ আনছে।
ফলে, এই অতিসক্রিয়তা নিয়ে কাল ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যা যা ঘটনা ঘটেছে, সেই বিষয়টা নিয়ে তারা আজ কলকাতা হাইকোর্টে মামলা করতে চায়। এই মর্মে তার অনুমতি চেয়েছিল। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সেই অনুমতি দিয়েছেন। আজ মনে করা হচ্ছে, বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে আজ দৃষ্টি আকর্ষণ করা হবে । তিনি মামলা দায়ের করার অনুমতি দিলে এবং সেই মামলা দায়েরের যে আনুষ্ঠানিক প্রক্রিয়া রয়েছে সেটা সম্পন্ন হলে, দ্রুত শুনানির জন্য আবেদন করবেন।
ঘটনার আরও আপডেট….
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে তৃণমূলের বিল বোর্ড খোলাকে কেন্দ্র করে ধুন্ধুমারের ঘটনায় শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। এই ঘটনায় এফআইআর রুজু হয়েছে। ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একসঙ্গে শেক্সপিয়র সরণি থানায় ৩টি মামলা রুজু হয়েছে। এরমধ্যে একটি মামলা দায়ের করেছেন শেক্সপিয়র সরণি থানার এক আধিকারিক, আরেকটি মামলা দায়ের হয়েছে পার্ক স্ট্রিট থানার এক আধিকারিকের তরফে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছে তৃতীয় মামলা। এর মধ্যে শেক্সপিয়র সরণি থানার আধিকারিক এবং KMC-র দায়ের করা মামলায় FIR-এ নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ডেরেক ও’ব্রায়েন, হুমায়ুন কবীর, বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ কালীঘাট-তৃণমূলের একাধিক হেভিওয়েটের। পার্ক স্ট্রিট থানার আধিকারিকের দায়ের করা মামলাটি রুজু হয়েছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে। কর্তব্যরত পুলিশকর্মী ও সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, হুমকি, বেআইনি জমায়েতের অভিযোগে মামলা রুজু হয়েছে। এছাড়া, হিংসাত্মক কার্যকলাপ, পুলিশকর্মীদের মারধর, চুরি-সহ একাধিক অভিযোগে মামলা রুজু করা হয়েছে। একাধিক জামিনঅযোগ্য ধারা। পুলিশের আরও অভিযোগ, ক্যামাক স্ট্রিটের অফিসে যাওয়া মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানিরও চেষ্টা করা হয়।
TMC Bank Account: আরও ৪ অ্যাকাউন্ট খুলতে চেয়ে আর্জি কালীঘাট তৃণমূলের, ফেরাল হাইকোর্ট
Post Comment