জিম থেকে বেরোতেই গুলিতে ঝাঁঝরা গায়ক, CCTV – তে হাড়হিম করা ছবি
শামলি : জিম থেকে বেরিয়ে গাড়ির দিকে এগোচ্ছিলেন। হাতে কিট ব্যাগ। গাড়ির কাছে পৌঁছতেই পিছন থেকে এগিয়ে এল চারজন। একজনের হাতে বন্দুক। এরপরই শুরু হল এলোপাথাড়ি গুলি। প্রায় ২৫ সেকেন্ড ধরে চলল লাগাতার ফায়ারিং। CCTV ফুটেজে ধরা পড়েছে সেই হাড়হিম করা হত্যাকাণ্ডের আগের মুহূর্ত। হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ানের জীবনের শেষ সময়টা। গতকাল থেকেই গায়কের মৃত্যু নিয়ে আতঙ্কে উত্তরপ্রদেশের শামলি। অবশেষে সিসিটিভি ফুটেজ হাতে এল পুলিশের। কার্যত হাড়হিম করা ছবি।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা ৪৫ মিনিট নাগাদ উত্তরপ্রদেশের শামলির একটি জিম থেকে বেরিয়েছিলেন ৩৫ বছরের অঙ্কিত বালিয়ান। CCTV ফুটেজে দেখা যায়, জিম থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে এগোচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় চার সন্দেহভাজন শ্যুটার তাঁর পিছনে এগিয়ে আসে। কালো পোশাক পরা এক ব্যক্তির হাতে ছিল আগ্নেয়াস্ত্র।
গাড়ির কাছে পৌঁছতেই অঙ্কিতকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। পরপর গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা। পুলিশ সূত্রে খবর, মোট ১২ রাউন্ড গুলি চালানো হয়েছিল। আতঙ্ক ছড়াতে শূন্যেও গুলি চালানো হয় বলে অভিযোগ। প্রায় ২৫ সেকেন্ড ধরে চলা এই হামলায় আশপাশের দোকান ও রাস্তায় থাকা মানুষ আতঙ্কে ভিতরে ঢুকে পড়েন।
পুলিশ সূত্রে খবর, হামলাকারীরা .30 এবং .32 ক্যালিবারের পিস্তল ব্যবহার করেছিল। অর্থাৎ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা। গুলিবিদ্ধ অবস্থায় অঙ্কিতকে স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর অঙ্কিতের শরীরে ঠিক কতগুলি গুলি লেগেছিল এবং কী ধরনের আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা আরও স্পষ্ট হবে।
শামলির যে এলাকায় হত্যাকাণ্ড ঘটেছে, সেটি হরিয়ানা সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। ফলে তদন্তকারীদের সন্দেহ, হামলাকারীরা হরিয়ানা থেকে শামলিতে এসেছিল কি না। সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। CCTV ফুটেজ এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে শ্যুটারদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এরই মধ্যে খুনের দায় স্বীকার করেছে কুখ্যাত গোগি গ্যাং। সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে গ্যাংয়ের দাবি, অঙ্কিত তাদের বিরোধী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখতেন , গানও তৈরি করেছিলেন তাদের। তারা সোশ্যাল মিডিয়ায় হুমকি দিয়েছে,“এটা সবে শুরু”। উত্তরপ্রদেশ পুলিশকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও এমন ঘটনা ঘটতে পারে বলেও হুমকি দিয়েছে তারা।
৩৫ বছরের অঙ্কিত বালিয়ান ছিলেন হরিয়ানভি গায়ক ও YouTuber। শত শত ফলোয়ার গায়কের। শামলির গ্রামের বাসিন্দা অঙ্কিত হরিয়ানভি মিউজিক ইন্ডাস্ট্রিতে পরিচিত নাম। তাঁর YouTube চ্যানেলে ৩.৬৮ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার ছিল। তাঁর বহু গানে বন্দুক, লড়াই, SUV, হিংসা, প্রতিশোধ ও গ্যাং ইত্যাদি বিষয় উঠে এসেছে।
মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগেই Instagram-এ শেষ পোস্ট করেছিলেন অঙ্কিত। বুধবার সন্ধ্যার হামলার প্রায় দুই ঘণ্টা আগে পোস্ট করা সেই ভিডিওতে তাঁকে নিজের গাড়িতে বসে হরিয়ানভি গান গাইতে দেখা যায়।
এখন তদন্তকারীদের সামনে একাধিক প্রশ্ন। কেন অঙ্কিতকে টার্গেট করা হয়েছিল? সত্যিই কি গ্যাং-সংঘাতের জেরেই এই খুন? আর চার বন্দুকবাজ কারা? সবকিছু খতিয়ে দেখে উত্তর খুঁজছে পুলিশ।
Kharaj Mukherjee | বাংলা সিনেমার শ্যুটিংয়ে নেপালের পোখরায় গিয়ে বন্দি অভিনেতা খরাজ
Post Comment