কামব্যাকে অনবদ্য ময়ঙ্ক, ইতিহাস গড়লেন অর্শদীপ, তাও ফিলিপ্সের শতরানে রানের পাহাড়ে নিউজ়িল্যান্ড

অকল্যান্ড: সিরিজ়ের ফলাফল আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল। প্রথম তিন ম্যাচ জিতে নিয়ে সিরিজ় নিজেদের নামে করে নিয়েছে শ্রেয়স আইয়ার বাহিনী। তবে ভারত ও নিউজ়িল্যান্ডের (IND vs NZ) চতুর্থ টি-২০ ম্যাচে সম্মানরক্ষার জন্য খেলতে নামা কিউয়িরা নিজেদের জয়ের জন্য ভাল সুযোগ করে নিল। প্রথমে ব্যাট করে রানের পাহাড়ে আয়োজক দেশ। সৌজন্যে গ্লেন ফিলিপ্স (Glenn Phillips) এবং মাইকেল ব্রেসওয়েলের দুরন্ত ব্যাটিং। 

নিজের কেরিয়ারের তৃতীয় টি-২০ আন্তর্জাতিক শতরান হাঁকালেন ফিলিপ্স। ভুবনেশ্বর কুমারের বদলে সুযোগ পেয়ে দুরন্ত বোলিং করে নতুন বলে কিউয়িদের ময়ঙ্ক যাদব (Mayank Yadav) চাপে ফেললেও, ফিলিপ্স ও ব্রেসওয়েলের বিধ্বংসী ব্যাটিংয়ে একসময় কার্যত দিশেহারা দেখায় ভারতীয় বোলারদের। অনবদ্য ব্যাটিংয়ে চলতি সিরিজ়ে প্রথমবার ২৫০ রানের গণ্ডি পার করল কিউয়িরা। ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ২৫৯ রান তুলে ইনিংস শেষ করল নিউজ়িল্যান্ড। 

এই ম্য়াচে ফের একবার টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শ্রেয়স আইয়ার। দলে দুই বদল ঘটিয়ে মাঠে নামে টিম ইন্ডিয়া। ঈশান কিষাণ ফিট হতেই গত ম্যাচে অভিষেক শর্মার সঙ্গে ঐতিহাসিক পার্টনারশিপের পরেও বাদ পড়ে বৈভব সূর্যবংশী। নিজের কামব্য়াকে নজর কাড়তে ব্যর্থ ভুবনেশ্বর কুমারকেও বাদ দেওয়া হয়। তাঁর পরিবর্তে ময়ঙ্ক যাদব দলে সুযোগ পান। আর সুযোগ পেয়েই প্রথম ওভারেই টিম সেফার্তকে সাজঘরে ফেরান তিনি। তিনে ব্যাটে নেমে দুরন্ত ছন্দে দেখানো ড্যারেল মিচেলও ২৪ রানে ময়ঙ্কের শিকার হন। পাওয়ার প্লেতে ৬৭ রান তোলে কিউয়িরা।

আরও পড়ুন:- আগেই হাতছাড়া হয়েছে সিরিজ়, এবার নিউজ়িল্যান্ডের দুই তারকা ক্রিকেটারও সিরিজ় থেকে ছিটকে গেলেন 

দুই উইকেট হারানোর পরে গ্লেন ফিলিপ্স ও ফিন অ্যালেন কিউয়ি ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে অ্যালেনকে ৩১ রানে ফিরিয়ে কিউয়িদের ধাক্কা দেন অক্ষর। এরপরে পালা ছিল বেভন জেকবসের। ময়ঙ্কের গতির বিরুদ্ধে পরাজিত হয়ে সাজঘরে ফেরেন তিনি। ১১২ রানে চার উইকেট হারায় নিউজ়িল্যান্ড। বেশ খানিকটা চাপেই ছিল তারা। এমন পরিস্থিতিতেই পাল্টা আক্রমণ চালানোর সিদ্ধান্ত নেন ফিলিপ্স এবং তাঁকে সঙ্গ দিতে নামা ব্রেসওয়েল।

৩১ বল নিজের অর্ধশতরান পূরণ করেন ফিলিপ্স। এরপরেই আসে সেই ওভার যা ম্যাচের রং সম্পূর্ণ বদলে দেয়। ১৬তম ওভারে ৩২ রান দেন নীতীশ রেড্ডি। ফিলিপ্স চারটি ছক্কা হাঁকান। দেখতে দেখতেই দু’শোর গণ্ডি পার করে ফেলে নিউজ়িল্যান্ড। মাইকেল ব্রেসওয়েল ১৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। ফিলিপ্স ছক্কা মেরে ৪৬ বলে নিজের তৃতীয় টি-২০ আন্তর্জাতিক শতরান পূরণ করে ফেলেন। শেষবেলায় ব্রেসওয়েল ৬৫ ও ফিলিপ্স ১০৭ রানে ফিরলেও, ততক্ষণে রানের পাহাড়ে পৌঁছে গিয়েছে নিউজ়িল্যান্ড। এবার দেখার ভারতীয় দল এই বিরাট রান তাড়া করতে পারে কি না।

Previous post

Money Making Tips: চিনা খেলনাকে টেক্কা দিয়ে রমরমিয়ে ব্যবসা, ফেলনা সামগ্রী দিয়েই ঘরে বসে লক্ষ্মীলাভ! দিশা দেখাচ্ছে বাঁকুড়ার এই পরিবার

Next post

Javed Khan on Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে কেন সরলেন, অভিযোগ উঠতেই মুখ খুললেন জাভেদ খান

Post Comment

You May Have Missed