একুশে জুলাই ধর্মতলায় কোনও তৃণমূলই সভা করতে পারবে না, ঋতব্রত-মমতা দুই পক্ষকেই জানাল পুলিশ
Kolkata
-Ritesh Ghosh
কলকাতার রাজপথে একুশে জুলাইয়ের শহিদ সমাবেশের চেনা ছবি এবার পাল্টে যেতে চলেছে। কারণ দীর্ঘ কয়েক দশকের ঐতিহ্য ভেঙে এবার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে একুশে জুলাইয়ের শহিদ দিবসের কর্মসূচির অনুমতি দিল না কলকাতা পুলিশ।
পুলিশ সূত্রের খবর, ভিক্টোরিয়া হাউসের সামনে আর কোনও ধরনের জনসভা বা রাজনৈতিক সমাবেশ করা যাবে না। মঙ্গলবারই কলকাতা পুলিশের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, ওই স্থানে কোনও রকম জমায়েতের অনুমতি মিলবে না। এই সিদ্ধান্তের কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল’ তৃণমূল- দুই শিবিরকেই জানিয়ে দেওয়া হয়েছে।

কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা জানিয়েছেন, ভিক্টোরিয়া হাউস এবং তার আশপাশের এলাকায় আগেকার ফৌজদারি দণ্ডবিধির ১৪৪ ধারা এখন নতুন রূপ পেয়েছে। নবগঠিত ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা অনুযায়ী বর্তমানে এই চত্বরে যেকোনও ধরনের জমায়েত বা সভা সম্পূর্ণ নিষিদ্ধ। ফলে এই জায়গায় ২১ জুলাইয়ের কর্মসূচির আয়োজন করা আইনত সম্ভব নয়।
পুলিশের এই নিষেধাজ্ঞার পর স্বাভাবিকভাবেই বিকল্প পথ খুঁজতে নেমে পড়েছে শিবির। ওদিকে অনুমতি পাওয়ার আগেই সভাস্থলে মাপজোক করতে গিয়ে পুলিশে এফআইআরের মুখে পড়তে হয়েছে মমতা তৃণমূলের কুণাল ঘোষ সহ একাধিক নেতাকে। পুলিশ কুণাল ঘোষ সহ বাকিদের তলবের নোটিস পাঠিয়ে অবিলম্বে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে।
এখন দেখার কলকাতার অন্য কোন বিকল্প স্থানে ২১ জুলাইয়ের এই মেগা ইভেন্ট করা হয়, এবং কারা করে।



Post Comment