আন্তর্জাতিক যোগ দিবসে সরকারি কর্মীদের জন্য বড় নির্দেশ
West Bengal
-Ritesh Ghosh
আসন্ন আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে সেজে উঠছে কলকাতা। আগামী ২১ জুন ঐতিহাসিক রেড রোডে আয়োজিত হতে চলেছে এই বিশেষ অনুষ্ঠান। এই বছরের অনুষ্ঠানে মূল আকর্ষণ হতে চলেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি। রেড রোডের এই হাই-প্রোফাইল যোগ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য মন্ত্রিসভার সমস্ত সদস্য। ইতিমধ্যেই এই মেগা ইভেন্টকে কেন্দ্র করে কলকাতা জুড়ে জোরদার তৎপরতা শুরু হয়েছে।
এবারের যোগ দিবস উদযাপনকে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছে না রাজ্য সরকার। এই কর্মসূচিতে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীর অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। নবান্নের পক্ষ থেকে জারি করা এক কড়া নির্দেশিকায় জানানো হয়েছে, স্থায়ী কর্মী থেকে শুরু করে চুক্তিভিত্তিক বা অস্থায়ী—সব স্তরের কর্মীদেরই ২১ জুনের এই যোগ দিবসের অনুষ্ঠানে হাজির থাকতে হবে।

আন্তর্জাতিক যোগ দিবসের এই অনুষ্ঠান সফল করতে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর থেকে বিশেষ তৎপরতা দেখানো হচ্ছে। রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল এই বিষয়ে একটি বিশদ বিজ্ঞপ্তি জারি করেছেন। সেই নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, আগামী ২১ জুন সকাল সাড়ে ৬টার মধ্যে সমস্ত সরকারি কর্মচারীকে তাঁদের জন্য নির্ধারিত নির্দিষ্ট স্থানে পৌঁছে যেতে হবে। নির্দেশিকা অনুযায়ী, আগামী ২১ জুন সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৮টা পর্যন্ত রাজ্য সরকারের কর্মীদের যোগাভ্যাস কর্মসূচিতে অংশ নিতে হবে। কর্মচারীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এবং ভিড় এড়াতে বেশ কয়েকটি জায়গার বিকল্প রাখা হয়েছে। কর্মীরা তাঁদের নিজস্ব দপ্তর, সরকারি আবাসন, মূল অনুষ্ঠানস্থল রেড রোড কিংবা মেলা প্রাঙ্গণে উপস্থিত থেকে এই যোগাভ্যাসে অংশ নিতে পারবেন।
সরকারি এই নির্দেশিকায় আরও স্পষ্ট করা হয়েছে যে, কোনো প্রকার বৈষম্য ছাড়াই সমস্ত স্তরের কর্মীকে এই যোগ কর্মসূচিতে যুক্ত হতে হবে। স্থায়ী সরকারি কর্মচারী ছাড়াও অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক এবং আউটসোর্সড কর্মীদের এই অনুষ্ঠানে যোগ দেওয়া বাধ্যতামূলক। এমনকী যাঁরা সাম্মানিকের বিনিময়ে সরকারি বিভিন্ন প্রকল্পে কাজ করেন, তাঁদেরও ওই দিন নির্ধারিত সময়ে নির্দিষ্ট স্থানে যোগাসনের জন্য উপস্থিত থাকতে হবে।



Post Comment