আচমকাই ক্রিকেট ছাড়লেন অশ্বিন

আচমকাই ক্রিকেট ছাড়লেন অশ্বিন

চেন্নাই: ভারতীয় ক্রিকেটে যেন অবসর নেওয়ার হিড়িক চলছে। ২ দিন আগেই বিজয় শঙ্কর অবসর নিয়েছিলেন। এবার ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন মুরুগান অশ্বিন। আন্তর্জাতিক ক্রিকেটে খুব বড় নাম নয়। কিন্তু চেন্নাইয়ের এই ক্রিকেটার আইপিএলের মঞ্চে ৬টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। পুণে সুপারজায়ান্টসের জার্সিতে আইপিএলে অভিষেক হয়েছিল অশ্বিনের। আর নিজের শেষ ম্য়াচ খেলেছেন রাজস্থান রয়্যালসের জার্সিতে।

২০২৫-২৬ সালে বিজয় হাজারে ট্রফিতে জম্মু কাশ্মীরের হয়ে শেষবার ঘরোয়া ক্রিকেটে খেলেছেন মুরুগান। নিজের সোশ্য়াল মিডিয়া পোস্টে ৩৫ বছরের এই স্পিনার লিখেছেন, ‘৬ বছর বয়সে যখন আমি যখন ক্রিকেট খেলা শুরু করি, তখন থেকেই আমি এই খেলাটিকে গভীরভাবে ভালোবেসেছি, আর এই খেলাই আমাকে অসীম আশীর্বাদ দিয়েছে। ক্রিকেট আমাকে আজকের মানুষ হিসেবে গড়ে তুলেছে ও মাঠে নিজেকে মেলে ধরার সুযোগ ও আমার প্রতিভা প্রমাণ করার সুযোগ দিয়েছে। এই পর্যন্ত যাত্রাটা ছিল অবিশ্বাস্য, আর সেই প্রসঙ্গেই আমি আপনাদের সকলের সঙ্গে একটি আপডেট ভাগ করে নিতে চাই। আমি ঘোষণা করতে চাই যে আমি আমার ঘরোয়া ক্রিকেট কেরিয়ার ও আইপিএল যাত্রার ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি নতুন চ্যালেঞ্জ ও সুযোগের চেষ্টা করছি।’

এম এস ধোনির নেতৃত্বাধীন রাইজিং পুণে সুপারজায়ান্টসের জার্সিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলে অভিষেক করেন মুরুগান। সেই ম্য়াচে আম্বাতি রায়াডুর উইকেট নেন তিনি। এমনকী নিজের ৪ ওভারের স্পেলে ১৬ রান খরচ করেন। এছাড়াও দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস), মুম্বই ইন্ডিয়ান্স (MI) ও রাজস্থান রয়্যালস (RR)-এর অংশ ছিলেন। নিজের আইপিএল কেরিয়ারে মুরুগান ৪৪ ম্য়াচে ৩৩.২০ গড়ে ৩৫ উইকেট নিয়েছেন। তাঁর ইকনমি রেট ছিল প্রতি ওভারে ৮.০১ রান।

দু দিন আগে বিজয় শঙ্কর আচমকাই ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়ছিলেন। ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছিলেন বিজয়। এছাড়া নিদাহাস ট্রফিজয়ী ভারতীয় দলেরও সদস্যও ছিলেন। কিন্তু সেভাবে নিজেকে জাতীয় দলে কখনওই মেলে ধরতে পারেননি বিজয়।

 



Previous post

‘কেমন আছিস…?’ সন্দীপনকে জড়িয়ে ধরলেন শুভেন্দু’, দুই তৃণমূল সাংসদের ‘মুখ্যমন্ত্রী সাক্ষাতে’ বিরল ছবি বিধানসভার অধ্যক্ষের ঘরে

Next post

‘ঠিক করেছিলাম প্রশাসনিক বৈঠকে সব MLA-দের ডাকব, বিশেষ বিশেষ MLA-রা এসেছেন’, বললেন শুভেন্দু

Post Comment

You May Have Missed