West Bengal Budget 2026: উত্তরবঙ্গের জন্য বড় উপহার! ৩ মেডিক্যাল কলেজ, নতুন বিমানবন্দর-সহ একাধিক ঘোষণা বাজেটে
Last Updated:
চলতি বছরের বাজেটে উত্তরবঙ্গের জন্য একাধিক বড় উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করা হয়েছে। IIT, IIM, নতুন বিমানবন্দর, মেডিক্যাল কলেজ এবং ক্যানসার হাসপাতাল গড়ে তোলার কথা জানানো হয়েছে।
কলকাতাঃ আজ, সোমবার রাজ্যের বিজেপি সরকারের প্রথম বাজেট পেশকে ঘিরে ছিল ব্যাপক উৎসাহ ও কৌতূহল। শিক্ষা, স্বাস্থ্য, জনমুখী প্রকল্প থেকে শিল্পোন্নয়ন— ডবল ইঞ্জিন সরকারের বাজেটের দিকে ছিল সকলের নজর। বিশেষজ্ঞদের মতে, শুভেন্দু অধিকারী সরকারের জন্য এই বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি বছরের বাজেটে উত্তরবঙ্গের জন্য একাধিক বড় ঘোষণা করা হয়েছে।
বাজেটে উত্তরবঙ্গে একটি আইআইটি ও একটি আইআইএম স্থাপনের কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, হাসিমারা এয়ার বেসের জন্য ২৫ একর জমি বরাদ্দ করা হবে। কোচবিহার বিমানবন্দরের সম্প্রসারণের ঘোষণাও করা হয়েছে। এছাড়াও, উত্তরবঙ্গে এমএমএস ও ক্যানসার হাসপাতাল গড়ে তোলা হবে। আলিপুরদুয়ার, কালিম্পং এবং দক্ষিণ দিনাজপুরে নতুন মেডিক্যাল কলেজ স্থাপনের কথাও জানানো হয়েছে।
উত্তরবঙ্গে একটি আন্তর্জাতিক মানের স্টে়ডিয়াম এবং একটি ইনডোর স্টে়ডিয়াম তৈরি হবে। ক্রীড়া সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে রাজ্যে খেলো ইন্ডিয়া কার্যক্রম শুরু হবে।
অর্থমন্ত্রী বলেন, ‘অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা দেওয়া হবে। শিক্ষিত বেকারদের ভরসা কর্মসূচিতে ৩০০০ টাকা করে দেওয়া হবে। গর্ভবতী মায়েদের জন্য এককালীন ২১ হাজার টাকা। গর্ভবতী মায়েরা ছয়টি পুষ্টি কিট পাবেন।’ অর্থমন্ত্রী বলেন, ‘অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের কাজকে স্বীকৃতি দিয়ে তাঁদের মাসিক পারিশ্রমিক আরও পাঁচ হাজার টাকা বাড়ানো হচ্ছে।’
অর্থমন্ত্রী বলেন, ‘সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশের মাসিক বেতন ২ হাজার টাকা বৃদ্ধি করা হচ্ছে। অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন মাসিক পাঁচ হাজার টাকা। হোমগার্ড, NVF কর্মীদের মাসিক বেতন ২০০০ টাকা করে বাড়ানো হবে। রাজ্য রিজার্ভ ফোর্সে ২টি সম্পূর্ণ মহিলা ব্যাটেলিয়ান।’
বাজেটে বর্তমানের ১৮ শতাংশ মহার্ঘ ভাতার উপর অতিরিক্ত ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার৷ পেনশন প্রাপকরাও পাবেন ২০ শতাংশ DA৷ ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে DA। এর আগে ‘জনকল্যাণ শিবির’ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ‘২২ জুন রাজ্য বাজেট। এদিন যুবকদের জন্য, নিয়োগ নিয়ে, সরকারি কর্মীদের জন্য, কৃষকদের জন্য আমরা কর্মসূচির ঘোষণা করতে চলেছি।’ নতুন সরকারের অর্থনৈতিক অগ্রাধিকার এবং আগামী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনার ইঙ্গিত এই বাজেট থেকেই মিলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
Kolkata,West Bengal

Post Comment