WB Assembly Elections 2026 News: আরামবাগে তৃণমূল কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ
Last Updated:
আরামবাগের আরাণ্ডির সাতমাসা গ্রামে কেন্দ্রীয় বাহিনী বিরুদ্ধে তৃণমূল কর্মী-সমর্থকদের বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ। আরাণ্ডির ১৭৩ নম্বর বুথে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
শুভদীপ ঘোষ, আরামবাগ: আরামবাগের আরাণ্ডির সাতমাসা গ্রামে কেন্দ্রীয় বাহিনী বিরুদ্ধে তৃণমূল কর্মী-সমর্থকদের বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ। আরাণ্ডির ১৭৩ নম্বর বুথে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন। ঘটনায় গোটা গ্রামের মানুষ তীব্র বিক্ষোভ দেখান।সিআরপিএফ ও রাজ্য পুলিশের কর্মীদের দিকে তেড়ে যান গ্রামের বিক্ষুব্ধ মানুষ জন। গ্রামের মানুষের তাড়া খেয়ে পিছু হটে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কেন গ্রামবাসীদের মারধর করা হল তার জবাব চান তারা। সাতমাসার ১৭৩ নম্বর বুথের এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ এই গ্রামের মানুষ জন।
অন্যদিকে, দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলাকালীন হঠাৎ উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগণার ফলতা বিধানসভার ১২৯ নং বুথ। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প ভাঙচুরের করা হয়েছে।
এই প্রসঙ্গে, তৃণমূল কর্মীদের অভিযোগ, এলাকায় শান্তি-শৃঙ্খলার সঙ্গে ভোটগ্রহণ চলছিল হঠাৎই কেন্দ্রীয় বাহিনী এসে বিজেপিকে ভোট দেওয়ার জন্য চাপ দেয়। এরপরেই ব্যাপক লাঠি চার্জ করার পাশাপাশি তৃণমূল কর্মী সমর্থকদেরকে মারধর করা হয়। এমনকি ভেঙে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প। এলাকায় এখনও যথেষ্ট উত্তেজনা রয়েছে বলে খবর।
অন্যদিকে, ভোট দিয়ে বাড়ি ফেরার পর হুমকি দেওয়ার অভিযোগ তুললেন ফলতা বিধানসভা কেন্দ্রের বেনিয়াবাটি গ্রামের দুই ভোটার। ঘটনায় সরাসরি পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার দ্বারস্থ হন তাঁরা। পরে কেন্দ্রীয় বাহিনীর পাহারায় বাড়ি ফেরেন ওই দুই গ্রামবাসী।
অভিযোগকারী রঞ্জিত মণ্ডল ও সুন্দরী মণ্ডল ২০২ এবং ২০৪ নম্বর বুথের ভোটার। তাঁদের দাবি, বাইকে করে ভোট দিয়ে বাড়ি গেলে একদল লোক তাঁদের বাড়িতে ঢুকতে বাধা দেয় এবং হুমকি দিতে থাকে।
আতঙ্কিত হয়ে দু’জনেই সোজা চলে যান পুলিশ অবজারভার অজয় পাল শর্মার কাছে। নিরাপত্তা চেয়ে আবেদন জানান। অভিযোগ শুনেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেন ওই পুলিশকর্তা। এরপর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রঞ্জিত ও সুন্দরী মণ্ডলকে তাঁদের বাড়িতে পৌঁছে দেন। আপাতত এলাকায় বাহিনী টহল দিচ্ছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal




Post Comment