Taratala Incident Arrest: তারাতলা কাণ্ডে গ্রেফতার ফিরহাদ ঘনিষ্ঠ পুর আধিকারিক কালীচরণ, এর পর কে? শুভেন্দুর হুঁশিয়ারির পরই পদক্ষেপ
Last Updated:
তারাতলা কাণ্ডে ইতিমধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে৷ এই ঘটনায় কাউকে রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দেওয়ার পর ১২ ঘণ্টাও কাটল না৷ তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ার ঘটনায় কলকাতা পুরসভার আধিকারিক কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করল বিশেষ তদন্তকারী দল বা সিট৷ বুধবার সকালে বিধানসভায় বক্তব্য রাখার সময়ই কলকাতা পুরসভার জনৈক কালী বলে একজনের কথা উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী৷ শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, এই কালীকে গ্রেফতার করলেই সব জানা যাবে৷
কলকাতা পুরসভায় ফিরহাদ হাকিম মেয়র থাকাকালীন তাঁর ওএসডি পদে ছিলেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়৷ ফিরহাদ ঘনিষ্ঠ আধিকারিক হিসেবেই পরিচিত তিনি৷ এ দিন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে লালবাজারে নিয়ে যায় তারাতলা কাণ্ডের তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল৷ জিজ্ঞাসাবাদের পরই তাঁকে গ্রেফতার করা হয়৷
মুখ্যমন্ত্রী গতকাল থেকেই তারাতলার অভিশপ্ত গোডাউনের নকশায় ত্রুটির কথা জানিয়েছিলেন৷ মুখ্যমন্ত্রী এ দিন বিধানসভায় দাঁড়িয়ে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে উদ্দেশে বলেন, ‘কী ভেবেছেন, আপনাদের পুরসভায় কী হয় আমরা জানি না? কালীকে তুললে সব বেরিয়ে আসবে৷ কালী না বললে পুরসভায় কোনও বিল্ডিং প্ল্যান পাশ হয় না৷ কালীকে নিয়োগ করেছে ক্যামাক স্ট্রিট৷ কালী তপসিয়ায় ২০০ কোটি টাকা দিয়ে তৃণমূল ভবন তৈরি করছে৷’
বর্তমানে কলকাতা পুরসভায় এমপি ল্যাড (বিইইউপি)-র কন্ট্রোলিং অফিসারের পদে ছিলেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়৷ পুলিশ সূত্রে খবর, তারাতলা নির্মাণের প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রভাব কাজে লাগানো হয়েছিল। কে বা কারা প্ল্যান অনুমোদনে মদত দিয়েছিলেন? এই সব তথ্য জানতেই কালীচরণকে জিজ্ঞাসাবাদ করেন লালবাজারের গঠিত সিট-এর অফিসাররা৷ সন্তোষজনক জবাব না মেলায় এই পুরকর্তাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর৷
এ দিন তারাতলা কাণ্ডে সরাসরি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ মেয়র হিসেবে ফিরহাদ হাকিমের সই করা তারাতলার ওই গোডাউনের পুরসভা থেকে অনুমোদিত বিল্ডিং প্ল্যানের নথিও বিধানসভায় দেখান মুখ্যমন্ত্রী৷ কালীচরণ বাদেও পুরসভার বেশ কয়েকজন আধিকারিকের গাফিলতির কথা উল্লেখ করেছিলেন শুভেন্দু৷ তিনি হুঁশিয়ারি দেন, এই ঘটনায় একজনকেও রেয়াত করা হবে না৷ যদিও ঘটনার দায় নিতে অস্বীকার করেছেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম৷ তারাতলা কাণ্ডে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষও৷
Kolkata,West Bengal
Jun 25, 2026 11:26 PM IST




Post Comment