Suman Banerjee Swarup Biswas Meeting: নিউ আলিপুরের ক্যাফেতে স্বরূপ বিশ্বাসের সঙ্গে কোলাকুলি, পুরভোটের আগে নতুন সমীকরণ? মুখ খুললেন বিজেপি নেতা সুমন
Last Updated:
পুরভোটের আগে সামনে এল সিসিটিভি ফুটেজ৷ নিউ আলিপুরের ক্যাফেতে অভিনেতা তথা বিজেপি নেতার সঙ্গে দেখা গেল স্বরূপ বিশ্বাসকে৷
পুরভোটে তৃণমূলের প্রাক্তনীরা বিজেপি-র প্রার্থী তালিকায় জায়গা পাবেন কি না, তা নিয়েই রাজ্য রাজনীতিতে এখন জোর চর্চা চলছে৷ রাজ্য বিজেপি-র নেতারা সেই সম্ভাবনার কথা পুরোপুরি উড়িয়েও দেননি৷
এই পরিস্থিতিতে নিউ আলিপুরের একটি ক্যাফেতে অভিনেতা তথা বিজেপি নেতা সুমন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গেল তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসকে৷ এই ভিডিও সামনে আসার পর থেকেই রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা ছড়িয়েছে৷ সুমন-স্বরূপ এই সাক্ষাতের সঙ্গে পুরভোটের কোনও সম্পর্ক আছে কি না, তা নিয়েই শুরু হয়েছে চর্চা৷
ভিডিও-তে স্বরূপ এবং সুমন দু জনকেই খোশমেজাজে দেখা গিয়েছে৷ দু জনকে কোলাকুলিও করতে দেখা যায়৷ স্বরূপের পা ছুঁয়ে প্রণাম করার চেষ্টাও করেন সুমন৷
প্রসঙ্গত, স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাসও কলকাতা পুরসভায় তৃণমূলের কাউন্সিলর ছিলেন৷ গত কয়েকদিনে তৃণমূলের যে প্রাক্তন কাউন্সিলরদের নাম উঠে এসেছে, তাঁদের মধ্যে জুঁই বিশ্বাসের নামও ছিল৷ স্বরূপ বিশ্বাস এবং জুঁই বিশ্বাসের মধ্যে অবশ্য বিবাহবিচ্ছেদের চলছে৷ ফলে স্বরূপ এবং সুমনের সাক্ষাৎ নিছকই সৌজন্যমূলক, না কি তার পিছনে অন্য কোনও সমীকরণ রয়েছে, সেটাই এখন রাজনৈতিক মহলের কৌতূহলের কারণ হয়ে দাঁড়িয়েছে৷
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের পরই তোলাবাজি সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছিলেন স্বরূপ বিশ্বাস৷ একাধিক অভিযোগে মামলা দায়ের হয় তাঁর বিরুদ্ধে৷ পরে অবশ্য সব মামলাতেই জামিন পান তিনি৷ তৃণমূল আমলে টলিউডে কার্যত শেষ কথা বলতেন স্বরূপ বিশ্বাসই৷ ফলে, অভিনেতা হিসেবে সুমন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্বরূপ বিশ্বাসের পরিচয় অস্বাভাবিক কিছু নয়৷
স্বরূপ বিশ্বাসের সঙ্গে তাঁর সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক জল্পনা ছড়ালেও তাতে আমল দিতে নারাজ বিজেপি নেতা সুমন বন্দ্যোপাধ্যায়৷ তাঁর দাবি, এই সাক্ষাৎ নিছকই সৌজন্যমূলক ছিল৷ মমতা তৃণমূলের পক্ষ থেকে তাঁর সঙ্গে স্বরূপ বিশ্বাসের সাক্ষাৎ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সুমন৷
বিজেপি নেতা বলেন, ‘গুরুজন কারও সঙ্গে যদি দেখা হয় বিজয়া দশমীর পর, তাহলে প্রণাম করাটা আমাদের সৌজন্য৷ আমার বাবা মায়ের শিক্ষা, সেটাই করেছি। স্বরূপ বিশ্বাসের সঙ্গে আমার রাজনৈতিক মতাদর্শগত রয়েছে, কিন্তু তাই বলে উনি আমার শ্রেণি শত্রু নয়। রাজনৈতিক সৌজন্য বজায় আছে, মানুষ কারও সঙ্গে দেখা হলে প্রণাম করবে বিজয়ের পর এটাই স্বাভাবিক৷ রাজনৈতিকভাবে জল ঘোলা করার জন্য যাঁরা এটা করছেন, এটা নিয়ে আমার বা আমার দলের বিশেষ মাথাব্যথা নেই।’ যদিও এই সাক্ষাৎ নিয়ে স্বরূপ বিশ্বাসের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

Post Comment