Sovandeb Chatterjee: ঋতব্রতদের নাম থাকলেও বিধানসভার বিএ কমিটিতে জায়গা পেলেন না কালীঘাট-ঘনিষ্ঠ তৃণমূল শিবিরের কেউ, বিবেচনার আশ্বাস অধ্যক্ষের
Last Updated:
Sovandeb Chatterjee: বিএ কমিটি ঘিরে জল্পনা, শোভনদেব-মদনদের ঠাঁই না মেলায় চর্চায় তৃণমূলের অন্দরের সমীকরণ। বিবেচনার আশ্বাস অধ্যক্ষের।
কলকাতা: বিধানসভার কার্য উপদেষ্টা কমিটি (বিএ কমিটি) পুনর্গঠনের পর নতুন তালিকা ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিদ্রোহী তৃণমূল শিবিরের বিধায়কদের জায়গা মিললেও, কালীঘাট-ঘনিষ্ঠ তৃণমূল শিবিরের কোনও বিধায়কের নাম কমিটিতে রাখা হয়নি।
এই বিষয়ে অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করলেন বর্ষীয়ান তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। অধ্যক্ষ তাঁকে বলতে দিলে তিনি বিধানসভার অধিবেশন কক্ষে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘আমরা নির্বাচন কমিশন স্বীকৃত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদস্য। আমি যখন প্রথম একা বিধায়ক হিসাবে জিতে আসি সেই সময়েও আমাকে বিএ (কার্য উপদেষ্টা কমিটি)-তে রাখা হয়েছিল। আমি আপনার কাছে অনুরোধ করছি আমাদের বিএ কমিটিতে রাখা হোক।’ শোভনদেব চট্টোপাধ্যায় দু’জনের নাম অধ্যক্ষের কাছে জমা দেন। দ্বিতীয় জন কুণাল ঘোষ। অধ্যক্ষ বিবেচনার আশ্বাস দিয়েছেন।
আমন্ত্রিত সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান, কংগ্রেস বিধায়ক মোতাব শেখ, আইএসএফের নওশাদ সিদ্দিকি এবং আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর-সহ মোট ১০ জন বিধায়ক। তবে শোভনদেব চট্টোপাধ্যায়, অশোক দেব, মদন মিত্র-সহ কালীঘাট-ঘনিষ্ঠ তৃণমূলের কোনও বিধায়ক এই কমিটিতে জায়গা পাননি।
উল্লেখ্য, বিধানসভার অধিবেশনের কার্যসূচি নির্ধারণের ক্ষেত্রে বিএ কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজেট পেশের দিনক্ষণ থেকে শুরু করে কোন দিনে কোন বিল উত্থাপিত হবে, সব বিষয়ই প্রথমে এই কমিটিতে আলোচনা ও চূড়ান্ত করা হয়। সেই কারণেই বিরোধী শিবিরের একাধিক প্রতিনিধির উপস্থিতি থাকলেও কালীঘাট-ঘনিষ্ঠ তৃণমূল শিবিরের কাউকে না রাখা নিয়ে বিধায়ক মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে নারাজ কালীঘাট-ঘনিষ্ঠ শিবিরের নেতারা।
আবীর ঘোষাল
Kolkata,West Bengal




Post Comment