Siliguri Corporation Election: শিলিগুড়ির পুরভোটে জোট গড়ার ডাক গৌতমের, সরাসরি নাকচ সিপিআইএম-এর, কী বলল কংগ্রেস?

Last Updated:

বিধানসভা নির্বাচনে শিলিগুড়িতে শঙ্কর ঘোষের কাছে পরাজিত হয়েছিলেন গৌতম দেব৷ এবার পুরভোটেও কঠিন পরীক্ষার সামনে প্রাক্তন মেয়র গৌতম দেব৷

শিলিগুড়িতে গৌতমের জোট প্রস্তাব খারিজ করল সিপিআইএম৷
শিলিগুড়িতে গৌতমের জোট প্রস্তাব খারিজ করল সিপিআইএম৷

শিলিগুড়ি পুরসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট গড়ার জন্য সিপিআইএম এবং কংগ্রেসকে আহবান জানালেন মমতা তৃণমূলের নেতা গৌতম দেব৷ যদিও গৌতমবাবুর সেই প্রস্তাবে সিপিআইএম বা কংগ্রেস কোনও পক্ষই সেভাবে উৎসাহ দেখায়নি৷ কংগ্রেসের পক্ষ থেকে কিছুটা ইতিবাচক সাড়া মিললেও মমতা তৃণমূলের জোট প্রস্তাব সরাসরি খারিজ করে দিয়েছে শিলিগুড়ির সিপিআইএম নেতৃত্ব৷

এ দিন শিলিগুড়ির দলীয় কার্যালয়ে প্রাক্তন মেয়র গৌতম দেব বলেন, ‘পুরসভা নির্বাচনে সমস্ত স্তরের মানুষকে সংহত এবং ঐক্যবদ্ধ হওয়ার আহবান আমরা জানাবো৷ কে জিতবে, কে হারবে সেটা মানুষ সিদ্ধান্ত নেবে৷ মানুষ যাতে নিজেদের ভোটাধিকার সঠিক ভাবে প্রয়োগ করতে পারেন আমরা সেই চেষ্টা করব৷ আমরা নিজেদের শক্তি নিয়ে লড়ব৷ তার সঙ্গে সমস্ত বিরোধী শক্তি, তাদের পথ- মত যাই হোক না কেন, তাদের আজকের দিনে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে৷ এই স্বৈরাচারের প্রতিবাদ হওয়া উচিত৷ সিপিএম, কংগ্রেস বলে নয়, আমরা সবার কথা বলছি৷ আমাদের পাশে থাকতে বলছি না, গণতন্ত্রকে রক্ষা করুন৷’

যদিও গৌতম দেবের এই প্রস্তাবকে সরাসরি নাকচ করে তৃণমূলের বিরুদ্ধে শিলিগুড়ি পুরনিগমে ব্যাপক দুর্নীতির অভিযোগে সরব হয়েছে সিপিআইএম৷ দলের রাজ্য কমিটির সদস্য গৌতম ঘোষ বলেন, ‘জোটের প্রস্তাব যে কেউ দিতেই পারে৷ তবে কাদের সঙ্গে আমরা জোট করব, সেই সিদ্ধান্তও আমরাই নেবো৷ অবশ্যই এখন সবথেকে বড় শত্রু বিজেপি৷ যেভাবে এবার দুর্গা পুজোয় বুক স্টল ভাঙা হল, তার নজির নেই৷ দেশের পক্ষে অশুভ শক্তি বিজেপি৷ এই সময় আমরা চাইব সমস্ত বিজেপি বিরোধী শক্তিকে একত্রিত করা৷ কিন্তু তৃণমূল যেভাবে শিলিগুড়ি পুরসভায় দুর্নীতি করেছে, অপদার্থতার পরিচয় দিয়েছে, তাতে তৃণমূলের সঙ্গে যাওয়ার প্রশ্নই ওঠে না৷ তৃণমূলের সমর্থকদেরও বলব, আপনারা আমাদের সঙ্গে আসুন৷ ভোটের কালি শুকোতে না শুকোতেই তৃণমূল ভেঙে গিয়েছে৷ ফলে এই দলের কোনও ভবিষ্যৎ নেই৷ তৃণমূল বিজেপি-র সঙ্গে লড়তে পারবে না, একমাত্র বামেরাই বিজেপি-র মোকাবিলা করতে পারবে৷’

রাজ্যে ক্ষমতায় থাকাকালীন কংগ্রেসকে কোণঠাসা করে রেখেছিল তৃণমূল৷ শিলিগুড়িও তার ব্যতিক্রম নয়৷ সেকথা মনে করিয়ে দিয়ে গৌতম দেবকে দেরিতে বোধোদয়ের খোঁচা দিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি সুবীন ভৌমিক৷ মমতা তৃণমূলকে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘উনি ওনার রাজনৈতিক মতামত রেখেছেন৷ কিন্তু দেরিতে বোধোদয় হয়েছে৷ আমরা বরাবরই বলে এসেছি বিজেপি নামক এই অশুভ শক্তি গোটা ভারতের মতো পশ্চিমবঙ্গকেও গ্রাস করছে৷ এই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে কংগ্রেসের পাশে এসে দাঁড়ানোর আহবান জানাচ্ছি৷ এখনও কোনও প্রস্তাব আসেনি, প্রস্তাব এলে নিশ্চয়ই ভেবে দেখা হবে৷’

গৌতম দেবের জোট গঠনের প্রস্তাবকে কটাক্ষ করেছে বিজেপি-ও৷ জেলা বিজেপির সহ সভাপতি রাজু সাহা বলেন, মানুষ ওনাদের প্রত্যাখ্যান করেছে৷ তার অনেকগুলি কারণ আছে৷ এমন কোনও ক্ষেত্র নেই যেখানে গত ১৫ বছরে তৃণমূল দুর্নীতি করেনি৷ ফলে উনি যত চুপ করে থাকবেন, ততই মঙ্গল৷

Previous post

Dengue West Bengal Update: ডেঙ্গির স্পাইক সবে শুরু, অক্টোবরের শেষ সপ্তাহ ও নভেম্বরের প্রথম দু’সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ: স্বাস্থ্যমন্ত্রী

Next post

আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১

Post Comment

You May Have Missed