North Dinajpur News: অঙ্গনওয়াড়ি কর্মীদের কুপ্রস্তাব থেকে ঘুষ চাওয়া! আইসিডিএস আধিকারিকের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ, ইটাহারে বিক্ষোভ
Last Updated:
North Dinajpur News: অভিযুক্ত আইসিডিএস আধিকারিকের বিরুদ্ধে অঙ্গনওয়াড়ি কর্মীদের চেম্বারে ডেকে কুপ্রস্তাব দেওয়া, ঘুষ চাওয়া সহ ভূরি ভূরি অভিযোগ উঠেছে।
ইটাহার, উত্তর দিনাজপুরঃ আইসিডিএস আধিকারিকের বিরুদ্ধে অঙ্গনওয়াড়ি কর্মীদের চেম্বারে ডেকে কুপ্রস্তাব দেওয়া, ঘুষ চাওয়া সহ একাধিক গুরুতর অভিযোগ। এবার এই নিয়েই উত্তর দিনাজপুরের ইটাহারে বিক্ষোভ। বৃহস্পতিবার ইটাহারের জয় কালীবাড়ি পাড়ায় আইসিডিএস অফিসের গেটে তালা ঝুলিয়ে অভিযুক্ত সিডিপিও-র শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান শতাধিক অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা।
অভিযোগ, সিডিপিও হিমাদ্রী শেখর ঘোষ দায়িত্ব নেওয়ার পর থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের নানাভাবে ব্ল্যাকমেল করে মানসিক হেনস্থা করতেন। কোনও সেন্টার পরিদর্শনে গিয়ে কোনও কর্মীকে না দেখতে পেলে তাঁদের ফোন করে নিজের দফতরে ডেকে পাঠাতেন। সেখানে দরজা বন্ধ করে ঘণ্টার পর ঘণ্টা তাঁদের আটকে রেখে হেনস্থা করা হত বলে অভিযোগ।
অভিযুক্ত সিডিপিও-র বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি ভয় দেখিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের সাদা কাগজে সই করিয়ে নিয়ে সাসপেন্ড এবং মাইনে বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন। কাজে ফের বহাল হতে গেলে কোনও কর্মীর কাছে সোনার ব্রেসলেট, কোনও কর্মীর কাছে আবার সোনার মালা দাবি করতেন বলে অভিযোগ।
এই বিষয়ে এক বিক্ষোভকারী কর্মী বলেন, সেন্টারে যেতে দেরি হওয়ায় ‘শাস্তি’ স্বরূপ তাঁর থেকে সোনার ব্রেসলেট চেয়েছিলেন অভিযুক্ত সিডিপিও। তাঁদের উপর মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
গতকাল পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে ইটাহার থানার বিশাল পুলিশবাহিনী। শেষ অবধি উত্তর দিনাজপুরের আইসিডিএস প্রোজেক্ট অফিসার নীলাঞ্জন বিশ্বাস লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সিডিপিও-র বিরুদ্ধে তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি ফের স্বাভাবিক হয়।
Uttar Dinajpur,West Bengal
North Dinajpur News: অঙ্গনওয়াড়ি কর্মীদের কুপ্রস্তাব থেকে ঘুষ চাওয়া! আইসিডিএস আধিকারিকের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ, ইটাহারে বিক্ষোভ

Post Comment