New District Jangipur: সব কাজে বহরমপুর দৌড়ে যাওয়ার দিন শেষ, বাজেটে বড় উপহার পেলেন জঙ্গিপুরের আমজনতা! এলাকায় খুশির বন্যা
Last Updated:
Murshidabad News: রাজ্য বাজেটে জঙ্গিপুরকে নতুন পূর্ণাঙ্গ জেলা হিসেবে ঘোষণার পর এলাকাজুড়ে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে মহকুমা হিসেবে পরিচিত এই অঞ্চল এবার প্রশাসনিকভাবে আরও গুরুত্বপূর্ণ মর্যাদা পেল। নতুন জেলা গঠিত হলে সরকারি পরিষেবা ও প্রশাসনিক কাজকর্ম সাধারণ মানুষের আরও কাছে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: ভাগীরথী নদীর তীরে অবস্থিত জঙ্গিপুর ও রঘুনাথগঞ্জ শহর। তা নিয়ে গঠিত জঙ্গিপুর পৌরসভা। এবার মুর্শিদাবাদ ভেঙে নতুন জেলা হচ্ছে জঙ্গিপুর। সোমবার রাজ্য বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানান, আরও রাজ্যে তৈরি হচ্ছে ৫ টি নতুন জেলা। নতুন জেলা হিসেবে জঙ্গিপুরের নাম ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। জঙ্গিপুর আগেই ছিল পুলিশ জেলা। এবার সেটাকে নতুন জেলা হিসেবে ঘোষণা করা হল।
তবে অর্থমন্ত্রী জানিয়েছেন শুধু নতুন জেলাই নয়, রাজ্যজুড়ে একাধিক নতুন মহকুমাও তৈরি হচ্ছে। সোমবার রাজ্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বিধানসভায় ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জঙ্গিপুরকে নতুন পুর্নাঙ্গ জেলা ঘোষণা করতেই আর ছুটে যেতে হবে না বহরমপুরে বিভিন্ন কাজে। রঘুনাথগঞ্জে তৈরি হবে জেলাশাসক কার্যালয় থেকে জেলা প্রশাসনিক ভবন। আগেই তৈরি হয়ে আছে জেলা পুলিশ কার্যালয়। ফলে আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি জঙ্গিপুর মহকুমা বাসিন্দারা উপকৃত হবেন।
জঙ্গিপুর ছাড়াও রাজ্যের নতুন বাজেটে পশ্চিমবঙ্গে মোট পাঁচটি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবিত জেলাগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে রাজ্যের প্রশাসনিক পরিষেবা আরও দ্রুত ও জনমুখী হতে পারে বলে মনে করা হচ্ছে। শুধু নতুন জেলা নয়, প্রশাসনিক পরিকাঠামো সম্প্রসারণের লক্ষ্যে কাঁথিতে একটি নতুন পুলিশ জেলা গঠনের প্রস্তাবও রাখা হয়েছে। এর ফলে আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক তৎপরতা আরও শক্তিশালী হতে পারে বলে আশা করা হচ্ছে।
এছাড়াও গোপীবল্লভপুরে একটি নতুন মহকুমা তৈরির পরিকল্পনার কথাও বাজেটে উল্লেখ করা হয়েছে। স্থানীয় মানুষের প্রশাসনিক পরিষেবা পাওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। নগর উন্নয়নের ক্ষেত্রেও একাধিক নতুন উদ্যোগের প্রস্তাব দেওয়া হয়েছে। শিবমন্দির, গাজোল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর এবং টুঙ্গিদিঘিতে নতুন পুরসভা গঠনের প্রস্তাব রাখা হয়েছে। এই এলাকাগুলিতে নগর পরিষেবা ও অবকাঠামোগত উন্নয়নের সম্ভাবনা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
Murshidabad,Murshidabad,West Bengal
Post Comment