Money Making Tips: স্বল্প পুঁজি, অদম্য ইচ্ছা! টিউশনের ফাঁকে আর্ট পেপার দিয়েই বাড়তি আয়ের পথ দেখাচ্ছেন মেদিনীপুরের যুবক
Last Updated:
West Medinipur Money Making Tips: সংসার চালাতে বড় পুঁজি নয়, স্রেফ সৃজনশীলতা আর সামান্য আর্ট পেপারকে সম্বল করে উপার্জনের বিকল্প পথ খুঁজে নিলেন কেশিয়াড়ির সুধাংশু।
কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: সংসার চালাতে বা বাড়তি আয়ের জন্য যে সব সময় বড় পুঁজি কিংবা দামি কাঁচামালের প্রয়োজন হয় না, তা প্রমাণ করে দিলেন পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির সুধাংশু চিংড়ি। স্রেফ সৃজনশীলতা আর সামান্য কিছু আর্ট পেপারকে সম্বল করে তিনি খুঁজে নিয়েছেন উপার্জনের এক বিকল্প পথ। গৃহশিক্ষকতার পাশাপাশি হাতে তৈরি পরিবেশবান্ধব ব্যাজ বানিয়ে এখন দিব্যি স্বনির্ভর এই যুবক।
বর্তমান সময়ে যে কোনও অনুষ্ঠান বা সাংস্কৃতিক আয়োজনে আমন্ত্রিত অতিথিদের বরণ করতে ব্যাজ এক অপরিহার্য অঙ্গ। তবে বাজারে চলতি ব্যাজগুলির বেশিরভাগই প্লাস্টিক বা এমন কিছু উপাদান দিয়ে তৈরি যা পরিবেশের জন্য ক্ষতিকারক। কিন্তু সুধাংশু বেছে নিয়েছেন সম্পূর্ণ ভিন্ন পথ। রঙিন আর্ট পেপার, আঠা আর সামান্য ফেলে দেওয়া জিনিস দিয়ে তিনি তৈরি করছেন বাহারি সব ব্যাজ। গত এক বছর ধরে তাঁর তৈরি এই শৈল্পিক ব্যাজের চাহিদা ক্রমশ বাড়ছে।
সারাদিনের ব্যস্ততা আর টিউশন পড়ানোর ফাঁকে মাত্র ঘণ্টা দেড়েক সময় ব্যয় করেই তিনি তৈরি করছেন নজরকাড়া সব সামগ্রী। শুধু ব্যাজই নয়, ক্রেতাদের চাহিদা মত কাগজের সুন্দর ফুলের স্তবকও নিপুণ হাতে বুনছেন তিনি। সুধাংশুর এই উদ্যোগ কেবল নিজের আর্থিক সংস্থান নয়, বরং পরিবেশ রক্ষার বার্তাও দিচ্ছে। সম্পূর্ণ কাগজ দিয়ে তৈরি হওয়ায় এই ব্যাজগুলি একদিকে যেমন রুচিশীল, তেমনই পরিবেশবান্ধব। বর্তমানে অনলাইন ও অফলাইন— উভয় মাধ্যমেই তাঁর তৈরি জিনিসের বিক্রিবাটা চলছে পুরোদমে। এর ফলে প্রতি মাসে বেশ ভাল অঙ্কের টাকা উপার্জনও করছেন তিনি।
Paschim Medinipur,West Bengal



Post Comment