Kalimpong : ডাউহিলের গা ছমছমে জঙ্গল, সেখানেই হঠাৎ দেখা দিল বিরল এই প্রাণী, ১০ লাখে একটি এমন হয়
Last Updated:
Kalimpong : কালিম্পংয়ের ডাউহিলের জঙ্গলে পুজোর মাঝে দেখা গেল কালো হরিণ। বন বিভাগের এক কর্তা সেই প্রাণীর ছবি তুললেন।
জলপাইগুড়ি , সুরজিৎ দে : পাহাড়ের জঙ্গলে কখনও কালো লেপার্ড, কখনও বা অন্য বিরল বন্যপ্রাণীর দেখা মেলে। তবে এবার প্রকৃতিপ্রেমীদের কৌতূহল বাড়িয়ে দিল এক বিরল কালো হরিণ!
পুজোর আবহেই উত্তরবঙ্গের বনাঞ্চল থেকে এল এমনই এক চমকপ্রদ খবর। কার্শিয়াং বনবিভাগের ডাউহিল ফরেস্টে ক্যামেরাবন্দি হয়েছে বিরল কালো রঙের একটি হরিণ। আর সেই ছবি সামনে আসতেই বনপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উৎসাহ। বন দফতর সূত্রে জানা গিয়েছে ডাউহিলের জঙ্গলে এই হরিণটির দেখা মেলে।
আশ্চর্যের বিষয় হরিণটির গায়ের রং সাধারণ হরিণের মতো নয়। কালচে রঙের এই হরিণের ছবি ক্যামেরাবন্দি করেছেন কার্শিয়াং বনবিভাগের ডিএফও। পরে সেই ছবি বনবিভাগের ফেসবুক পেজে ভাগ করে নেওয়া হয়। বন দফতরের আধিকারিকদের দাবি সূত্রে জানা যায় , প্রায় ১০ লক্ষ হরিণের মধ্যে এমন একটি কালো হরিণের জন্ম হতে পারে। অর্থাৎ, প্রকৃতির বুকে এমন বিরল রঙের হরিণের দেখা পাওয়া নিঃসন্দেহে বিশেষ ঘটনা।
এই হরিণের গায়ের রং কালো কেন? বন দফতরের সূত্রে জানা গিয়েছে, এটি আসলে বার্কিং ডিয়ার বা কস্তুরীজাতীয় নয়, বরং এক ধরনের মুন্টজ্যাক হরিণ, যা সাধারণভাবে বার্কিং ডিয়ার নামে পরিচিত। জিনগত বৈশিষ্ট্যের কারণে শরীরে কালো রঙের আধিক্য দেখা দিতে পারে। চিতাবাঘের ক্ষেত্রে এমন বৈশিষ্ট্যকে বলা হয় মেলানিজম। একই ধরনের জিনগত বৈশিষ্ট্যের কারণে অন্য প্রাণীর শরীরেও অস্বাভাবিক কালো রং দেখা যেতে পারে।
সাধারণত গুজরাl ও রাজস্থানের মতো অঞ্চলে হরিণের বিভিন্ন প্রজাতির দেখা মেলে। তবে পাহাড়ি জঙ্গলে এমন কালো বার্কিং ডিয়ারের উপস্থিতি ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে কৌতূহল। এর আগে বন দফতরের গবেষণায় কালো হরিণের অস্তিত্বের কথা উঠে এলেও, রাজ্যে প্রকাশ্যে এমন হরিণের দেখা মেলা বিরল ঘটনা বলেই বন দফতর সূত্রে দাবি করা হয়েছে।

Post Comment