Kalicharan Banerjee: ‘দু’জনের বয়ানে অসঙ্গতি’, কার সঙ্গে মিলছে না কালীচরণের বয়ান? তারাতলা কাণ্ডে ফিরহাদ-ঘনিষ্ঠের হাওড়ার বাড়িতে তল্লাশি, বাজেয়াপ্ত কী কী?
Last Updated:
Taratala Incident: তারাতলার বিল্ডিং ভেঙে পড়ার ঘটনায় সোমবারও জেরা করা হয়েছে কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে৷ প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডির বয়ানের মিলেছে অসঙ্গতি বলেই দাবি গোয়েন্দাদের৷
কলকাতা: তারাতলার বিল্ডিং ভেঙে পড়ার ঘটনায় পুলিশী হেফাজতে রয়েছেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি ধৃত কালীচরণ বন্দ্যোপাধ্যায়৷ এবার তাঁর হাওড়ার বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক জিনিস বাজেয়াপ্ত করলেন তদন্তকারী আধিকারিকরা৷ সূত্রের খবর, কালীচরণের হাওড়ার বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দুটো মোবাইল৷ বাজেয়াপ্ত নথি ও উদ্ধার হয়েছে রেজিস্ট্রার বুক৷ এই রেজিস্ট্রার বুক বিশেষ নজরে দেখছেন গোয়েন্দারা৷
ইতিমধ্যেই কালীচরণের ব্যাঙ্কের অ্যাকাউন্ট সম্পর্কিত কিছু নথি তার বাড়ি থেকে এনেছে পুলিশ। লেনদেনের বিস্তারিত তথ্য পেতে ব্যাঙ্কে চিঠিও দেওয়া হয়েছে৷ এছাড়াও বেহরা ব্রাদার্সের অফিসে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক নথি৷
সোমবারও বেশ কিছু তথ্য জানতে জেরা করা হয়েছে কালীচরণ ও ঠিকাদার সংস্থার সুপারভাইজার সৈয়দ গুলজারকে৷ জেরায় দু’জনের বয়ানে অসঙ্গতি রয়েছে বলেই দাবি গোয়েন্দাদের৷ ঘটনায় দুজন এলবিএস-সহ পাঁচজনের বয়ান রেকর্ড করা হয়েছে এখনও পর্যন্ত৷
প্রসঙ্গত, পুলিশী জেরায় সহযোগিতা করছেন না কালীচরণ, এমনই অভিযোগ ওঠে ধৃতের বিরুদ্ধে৷ সূত্রের দাবি, জেরার মুখে অধিকাংশই প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা ও প্রভাব জানতে মরিয়া লালবাজারের পুলিশ আধিকারিকরা।
শনিবার পুরসভার বিল্ডিং দফতরের তিন থেকে চার জন আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেন লালবাজারের আধিকারিকরা। যোগাযোগ করা হয় পুরসভার বেশ কয়েকটি বিভাগের কর্মীদের সঙ্গেও। সূত্রের খবর, বিল্ডিং বিভাগ-সহ বেশ কিছু বিভাগের কয়েক জনের সাথে ইতিমধ্যেই কথা বলেছেন তদন্তকারী অফিসাররা।
কী পদ্ধতিতে প্ল্যানের অনুমোদন দেওয়া হয়?
অনুমোদন দেওয়ার পর নজরদারির কি ব্যবস্থা থাকে?
কালীর সুপারিশে অনুমোদন প্রাপ্ত প্ল্যানের ক্ষেত্রে কী করা হয়েছে?
সেই সঙ্গে প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগ এসেছে, এই টাকা সরাসরি কি কালী নিতেন, না কি অন্য কারও কাছে জমা হত। হাত ঘুরে কালী ও তার সহযোগীরা পেতেন? এই সব প্রশ্নের জট খুলতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা।
প্রসঙ্গত, তারাতলার ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৭৷ মৃতদের পরিবার এবং আহতদের জন্য ইতিমধ্যেই আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারী। মৃতদের পরিবার পিছু ১০ লাখ টাকা এবং আহতদের পরিবারদের ১ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে৷
Kolkata,West Bengal

Post Comment