Kakoli Ghosh Dastidar: ৩ নভেম্বর শেষ হচ্ছে সময়সীমা! ৪ তারিখ ‘শ্রীমতি কাকলি ঘোষ দস্তিদার জি’র জন্য বারাণসী থেকে এল আমন্ত্রণ

Last Updated:

Kakoli Ghosh Dastidar: গত ৮ অক্টোবর চাওয়া দু’ সপ্তাহের সময়সীমার মেয়াদ শেষে নোটিসের জবাব দেওয়ার কথা ছিল এনসিপিআইয়ের ২০ সাংসদের। ফের জবাব দেওয়ার আগেই অতিরিক্ত সময় চেয়ে স্পিকারের কাছে চিঠি দেন তাঁরা।

কাকলি ঘোষ দস্তিদারকে আমন্ত্রণ বারাণসীতে
কাকলি ঘোষ দস্তিদারকে আমন্ত্রণ বারাণসীতে

বারাণসী: তৃণমূল ছেড়ে তিনি সহ ২০ জন সাংসদ যোগ দিয়েছেন এনসিপিআই-তে৷ তারপরেই তাঁরা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রতি তাঁদের সমর্থন জানিয়ে চিঠি দিয়েছেন অধ্যক্ষ ওম বিড়লাকে৷ তবে, সংসদীয় পরিসরে তাঁদের দলগত অবস্থান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এখনও৷ তবে, তার আগেই তাঁকে এনডিএ-র বৈঠকে অমিত শাহ, জে পি নাড্ডাদের সঙ্গে প্রথমসারিতে বসতে দেখা গিয়েছে৷ গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ ব্রেকফাস্ট বৈঠকেও৷ বিভিন্ন সময়ে এনডিএ-র অন্দরে তাঁর নতুন পরিচিতি গুরুত্ব পেয়েছে৷ এবার সেই কাকলি ঘোষ দস্তিদার আমন্ত্রণ পেলেন বারাণসীতে৷ ঘটনাচক্রে, এই বারাণসীই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় কেন্দ্র৷ প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আনা ডিসকেয়ালিফিকেশন পিটিশনের প্রেক্ষিতে স্পিকার ওম বিড়লার নোটিসের জবাব দিতে ৩ নভেম্বর পর্যন্ত সময় চেয়েছেন সুদীপ-কাকলিরা৷

কোথায় আমন্ত্রিত কাকলি?

জানা গিয়েছে, ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং জাতীয় ভাবনা নিয়ে আলোচনার মঞ্চে এবার আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত থাকতে চলেছেন এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আগামী ৪ নভেম্বর, ২০২৬ বারাণসীর রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারে আয়োজিত হতে চলেছে ‘সংস্কৃতি সংসদ ২০২৬’। সকাল ১১টা ৩৫ মিনিটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের মূল ভাবনা, ‘সংস্কৃতির সূত্র অনেক, ভারতের আত্মা এক: অখণ্ড ভারতের সূত্র’। অর্থাৎ, ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য ও বিভিন্ন ধারার মধ্যে ঐক্যের বার্তাই তুলে ধরতে চাইছেন আয়োজকরা। ‘সংস্কৃতি নিয়ে আলোচনা, রাষ্ট্র নিয়ে চিন্তন’—এই ভাবনাকে সামনে রেখেই আয়োজন করা হয়েছে এই সংস্কৃতি সংসদের।

প্রকাশিত পোস্টারে কাকলি ঘোষ দস্তিদারকে পশ্চিমবঙ্গের বারাসতের সাংসদ হিসেবে উল্লেখ করা হয়েছে। অনুষ্ঠানে তাঁর উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ, এই মঞ্চে দেশের সংস্কৃতি ও ঐক্যের মতো বিষয় নিয়ে আলোচনায় অংশ নেওয়ার কথা তাঁর।

গঙ্গা মহাসভা-সহ একাধিক সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পোস্টারে অখিল ভারতীয় আখাড়া পরিষদের লোগোও রয়েছে। আয়োজকদের তরফে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রবেশ অবাধ। আগ্রহীরা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অথবা পোস্টারে থাকা QR কোড স্ক্যান করে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য পেতে পারবেন।

ওয়াকিবহাল মহলের নজর এখন এই অনুষ্ঠানের দিকে। বিশেষ করে রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিসরে কাকলি ঘোষ দস্তিদারের এই উপস্থিতি ঘিরে কী আলোচনা হয়, সেদিকেই নজর থাকবে।

কোন পথে NCPI

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা ডিসকেয়ালিফিকেশন পিটিশনের প্রেক্ষিতে স্পিকার ওম বিড়লার নোটিসের জবাব দিতে ফের একবার সময় চেয়েছেন কাকলি সুদীপরা। লোকসভার অধ্যক্ষের কাছে আরও দু’ সপ্তাহ, অর্থাৎ আগামী ৩রা নভেম্বর পর্যন্ত সময় চেয়েছেন তাঁরা।

প্রায় ৪ মাস আগে তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন ২০ জন সাংসদ। তাঁদের পদ বাতিলের দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন করাও বেশ কিছুদিন হল। অথচ এখনও এ নিয়ে স্পিকার কোনও সিদ্ধান্ত নেননি। যার জেরে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়তে হয় স্পিকার ওম বিড়লাকে। শীর্ষ আদালত বলে দেয়, “তিন মাসের সময়সীমা পেরিয়ে গিয়েছে। বিষয়টির দ্রুত নিষ্পত্তি প্রয়োজন।”

Previous post

শেয়ার বাজারে আত্মপ্রকাশের পরই সুখবর, দ্বিতীয় ত্রৈমাসিকে জিও প্ল্যাটফর্মসের মুনাফা বাড়ল ১৩.৭ শতাংশ

Next post

রিলায়েন্স রিটেলের দ্বিতীয় ত্রৈমাসিকে কর-পরবর্তী মুনাফা (PAT) ২৪.৫% কমে ২,৬১৯ কোটি টাকায় দাঁড়িয়েছে, রাজস্ব বেড়েছে ৬.৪%

Post Comment

You May Have Missed