Howrah Division: ৫ লক্ষের লক্ষ্যমাত্রা, আয় ২০ লক্ষের বেশি! ই-বর্জ্য বিক্রিতে নজির হাওড়া ডিভিশনের

Last Updated:

Howrah Division: এই সাফল্যের জন্য বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেছেন হাওড়া ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) বিশাল কাপুর।

ই-বর্জ্য বিক্রিতে নজির হাওড়া ডিভিশনের (AI Generated image)
ই-বর্জ্য বিক্রিতে নজির হাওড়া ডিভিশনের (AI Generated image)

হাওড়া: পরিচ্ছন্নতা অভিযানে নজির গড়ল পূর্ব রেলের হাওড়া ডিভিশন। অকেজো ইলেকট্রনিক সামগ্রী বিক্রি করে এক মাসেই ২০.৮২৬ লক্ষ টাকা আয় করল ডিভিশন। অথচ লক্ষ্যমাত্রা ছিল মাত্র ৫ লক্ষ টাকা। অর্থাৎ নির্ধারিত লক্ষ্যমাত্রার ৪.১৭ গুণ বেশি আয় হয়েছে। ২০২৬ সালের অক্টোবর মাসে এই সাফল্য এসেছে ই-বর্জ্য নিষ্পত্তির উদ্যোগে।

রেল সূত্রে জানা গিয়েছে, অক্টোবর মাসে মোট ২০.৬৮৪ মেট্রিক টন অকেজো ইলেকট্রনিক সামগ্রী সরিয়ে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। বাতিল ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, জেরক্স মেশিন, মনিটর, কার্ড রিডার, এসি, ওয়াটার কুলার, ইউপিএস-সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী ছিল এই তালিকায়। এই উদ্যোগের ফলে একদিকে যেমন বিপুল রাজস্ব এসেছে, তেমনই দীর্ঘদিন ধরে জমে থাকা অকেজো সামগ্রী সরিয়ে অফিস ও কর্মক্ষেত্রের জায়গাও পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। ফলে ডিভিশনের বিভিন্ন অফিস ও পরিচালন ক্ষেত্রে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর এবং আরও ব্যবহারযোগ্য পরিবেশ তৈরি হয়েছে।

এই সাফল্যের জন্য বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেছেন হাওড়া ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) বিশাল কাপুর। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে জমে থাকা স্ক্র্যাপ ও আবর্জনা সরিয়ে পরিচ্ছন্ন কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) শিবরাম মাঝি বলেন, এই সাফল্য টেকসই বর্জ্য নিষ্পত্তি, পরিবেশের প্রতি দায়বদ্ধতা এবং পরিচ্ছন্ন কর্মক্ষেত্র বজায় রাখার ক্ষেত্রে পূর্ব রেলের অঙ্গীকারকে তুলে ধরেছে।

Post Comment

You May Have Missed