একী কাণ্ড…! থানা চত্ত্বরেই গায়ে কাঁটা দেওয়া ঘটনা, রক্তারক্তি, কোথায় ঘটল এমন ঘটনা?
Last Updated:
পারিবারিক অশান্তি থেকে মুক্তি পেতে থানায় এসেছিল স্বামী স্ত্রী। পুলিশের সঙ্গে কথা বলার আগেই বচসার জেরে ঘটে গেল রক্তারক্তি কাণ্ড।
বর্ধমান : থানা চত্বরে এ কি কাণ্ড! দেখেই চক্ষু চড়কগাছ পুলিশ অফিসারদের। পারিবারিক অশান্তি থেকে মুক্তি পেতে থানায় এসেছিল স্বামী স্ত্রী। পুলিশের সঙ্গে কথা বলার আগেই বচসার জেরে ঘটে গেল রক্তারক্তি কাণ্ড। তড়িঘড়ি যুবককে নিয়ে চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটলো পুলিশ। ঠিক কি ঘটনা ঘটল বর্ধমান থানায়?
স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের সম্পর্ক নিয়ে বিবাদের মীমাংসা করতে হাজির হয়েছিলেন থানায়। কিন্তু সেই বিবাদই মুহূর্তে ভয়াবহ রূপ নিল বর্ধমান থানার চত্বরে। অভিযোগ, স্ত্রীকে ধারালো চাকু দিয়ে আঘাত করতে উদ্যত হন স্বামী। তাঁকে বাঁচাতে এগিয়ে আসতেই স্ত্রীর সঙ্গে থাকা যুবকের শরীরে চাকু চালিয়ে দেন ওই ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। মঙ্গলবার দুপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান শহর জুড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমান শহরের ষাঁড়খানা গলির বাসিন্দা রমজান শেখের মেয়ে চাঁদনী বিবিকে গত ৩০ অক্টোবর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাঁদের কাছে খবর আসে, গুডশেড রোডের বাসিন্দা রাজেশ হরিজনের সঙ্গে রয়েছেন চাঁদনী। রাজেশ বর্ধমান পুরসভার পান্থশালার কর্মী বলে জানতে পারেন চাঁদনীর স্বামী কুরসিদ শাহ।
মঙ্গলবার দুপুরে রাজেশ, চাঁদনী ও কুরসিদ—তিন জনই হাজির হন বর্ধমান থানায়। সেখানেই শুরু হয় দু’পক্ষের বচসা। চাঁদনী পুলিশকে জানান, তিনি স্বেচ্ছায় রাজেশের সঙ্গে রয়েছেন এবং ভাল আছেন। অভিযোগ, এর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আচমকা স্ত্রীকে ধারালো চাকু দিয়ে আঘাত করতে যান কুরসিদ। সেই সময় চাঁদনীকে বাঁচাতে রাজেশ এগিয়ে এলে তাঁর শরীরে চাকু চালিয়ে দেন কুরসিদ।
থানা চত্বরেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রাজেশ। দ্রুত তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরেই অভিযুক্ত কুরসিদ শাহকে আটক করেছে পুলিশ। থানার চত্বরে এমন ঘটনায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Comment