Election Commission: সাসপেন্ড করে শুরু বিভাগীয় তদন্ত, ডায়মন্ড হারবার পুলিশ জেলার ৫ আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

Election Commission: সাসপেন্ড করে শুরু বিভাগীয় তদন্ত, ডায়মন্ড হারবার পুলিশ জেলার ৫ আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

Last Updated:

Election Commission: নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ করল ডায়মন্ড হারবার পুলিশ জেলার ৫ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। তাঁদের সাসপেন্ড করে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের জায়গায় দায়িত্ব গ্রহণ করেছেন নতুন স্থলাভিষিক্তরা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কলকাতা: ডায়মন্ড হারবার পুলিশ জেলার ৫ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। পাঁচজনকে সাসপেন্ড করে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। এই পাঁচজন হলেন সন্দীপ গড়াই (অ্যাডিশনাল এসপি), সাজিল মণ্ডল (এসডিপিও) , মৌসম চক্রবর্তী (আইসি, ডায়মন্ড হারবার থানা), অজয় বাগ (আইসি, ফলতা থানা) এবং শুভেচ্ছা বাগ (ওসি, উস্থি থানা)। ২২ তারিখ পুলিশ অবজার্ভার অভিযোগ জানিয়েছিলেন এঁদের বিরুদ্ধে। এর সঙ্গেই ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ঈশানী পালকেও সতর্ক করা হয়েছে।

নতুন পোস্টিং অনুযায়ী, আলিপুরদুয়ারের জয়গাঁর অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদারকে ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার পদে আনা হল। বিজয় যাদবকে ডায়মন্ড হারবারের এসডিপিও পদে নিয়োগ করা হল। পার্থসারথি ঘোষকে ফলতা থানার আইসি, প্রসেনজিৎ করকে ডায়মন্ড হারবার থানার আইসি এবং রাহুল কুমারকে উস্তি থানার ওসি পদে বসাল কমিশন।

পাশাপাশি, দ্বিতীয় দফা নির্বাচনের আগে রদবদল জারি কলকাতা পুলিশেও। ফের কালীঘাট থানার ওসি বদলে দিল কমিশন। শনিবার বিজ্ঞপ্তি জারি করে এই রদবদলের কথা জানানো হল। কালীঘাটের সঙ্গে কলকাতার আরও দুই থানার ওসি-কেও বদলে দিল কমিশন। প্রসঙ্গত গত ২৯ মার্চ কালীঘাট থানার ওসি বদল করেছিল কমিশন। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের উৎপল ঘোষকে কালীঘাট থানার ওসি করে আনা হয়েছিল। সেই নিয়োগের এক মাসের মধ্যেই এ বার তাঁর জায়গায় এলেন গৌতম দাস। তিনি কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চে ছিলেন।

কালীঘাট থানার অতিরিক্ত ওসি-কেও বদলে দিয়েছে কমিশন। কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের উত্তম পাইককে ওই পদে আনা হয়েছে। এ ছাড়াও আলিপুর এবং উল্টোডাঙা মহিলা থানার ওসি-কেও বদলের নির্দেশ দিয়েছে কমিশন। আলিপুর থানার নতুন ওসি করা হয়েছে সুব্রত পাণ্ডেকে। আর উল্টোডাঙা মহিলা থানার ওসি-র দায়িত্বে আনা হয়েছে চামেলি মুখোপাধ্যায়কে। তিনি আলিপুর থানার অতিরিক্ত ওসি ছিলেন।

প্রসঙ্গত নির্বাচন ঘোষণার পর থেকেই রাজ্যে আমলা এবং আইপিএস পদে বদল করছে কমিশন। ভোট ঘোষণার দিন মধ্যরাত থেকে এই পর্ব শুরু হয়েছিল। পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে কমিশনের এই ‘সক্রিয়তা’ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে শাসকদল তৃণমূল।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Election Commission: সাসপেন্ড করে শুরু বিভাগীয় তদন্ত, ডায়মন্ড হারবার পুলিশ জেলার ৫ আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

Post Comment

You May Have Missed