ECI on Girish Park Incident: আসছেন প্রধানমন্ত্রী, তা-ও কেন কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নয়? গিরিশ পার্কের ঘটনায় রিপোর্ট চাইল কমিশন
Last Updated:
ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার আগে গিরিশ পার্কে বিজেপি তৃণমূল সংঘর্ষের ঘটনায় কেন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হয়নি, এবার তা নিয়ে প্রশ্ন তুলল নির্বাচন কমিশন
কলকাতা: প্রধানমন্ত্রীর অনুষ্ঠান রয়েছে কলকাতায়৷ তা-ও গিরিশ পার্কের সংঘর্ষে কেন ব্যবহার করা হল না কেন্দ্রীয় বাহিনী? এবার সেই প্রশ্ন তুলে কলকাতা পুলিশের ভূমিকায় অসন্তোষপ্রকাশ করল নির্বাচন কমিশন৷ নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশের আগে বিজেপি-তৃণমূল সংঘর্ষ ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে গিরিশ পার্ক৷ এলারকায় পৌঁছয় পুলিশের বিরাট বাহিনী৷ এবার গিরিশ পার্কের ঘটনা নিয়ে ক্ষোভপ্রকাশ করল নির্বাচন কমিশন। কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের কাছ থেকে চাওয়া হল লিখিত রিপোর্ট। কলকাতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা আছে। তারপরও আজ কেন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হল না? তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গিরিশ পার্ক৷ মন্ত্রী শশী পাঁজার বাড়িতে বিজেপি কর্মীরা পাথর ছুড়েছে, এই অভিযোগকে কেন্দ্র করেই উত্তেজনার সূত্রপাত৷ তৃণমূল এবং বিজেপি কর্মীদের দু’পক্ষই পরস্পরকে লক্ষ্য করে ইট ছোড়ে বলে অভিযোগ৷ পুলিশকে লক্ষ্য করেও ইট ছোড়ার অভিযোগ ওঠে৷ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বিরাট বাহিনী৷ পুলিশের শীর্ষ আধিকারিকরাও ঘটনাস্থলে যান৷
বিজেপি কর্মীদের অবশ্য পাল্টা দাবি, ব্রিগেডে যাওয়ার সময় বিজেপি কর্মীদের বাস, গাড়ি লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে তৃণমূল কর্মী, সমর্থকরা৷ এই ঘটনায় দু’পক্ষেরই বেশ কয়েকজন আহত হন৷
মন্ত্রী শশী পাঁজার অভিযোগ, বিনা প্ররোচনায় বিজেপি কর্মীদের মিছিল থেকে তাঁর বাড়িতে হামলা চালানো হয়৷ বাসের ভিতরে বিজেপি কর্মীরা ইট নিয়েও এসেছিল বলে অভিযোগ করেছেন শশী পাঁজা৷ তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ তাঁর৷
মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘বয়কট বিজেপি লেখা ফ্লেক্স দেখে বাস থেকে নেমে বিজেপি কর্মীরা ফ্লেক্সগুলো ছিঁড়ল৷ সেই ফ্লেক্সগুলো আবার যখন আমাদের দলের ছেলেরা লাগাচ্ছিল, তখন পরে অন্য একটি বাস থেকে নেমে বিজেপি কর্মীরা আমাদের কর্মী, সমর্থকদের মারল৷ এর পরেই আমরা প্রতিবাদ করি, রাস্তায় নামি৷ তখন আমার বাড়িতে এই ভাবে হামলা চালালো৷ পর পর বাস থেকে গুন্ডারা নেমে হামলা চালিয়েছে৷ আমাকেও মেরেছে ইট দিয়ে৷ এরা রাজনৈতিক কর্মী নয়, এরা গুন্ডা, খুনি৷ এরা নাকি বাংলা দখল করবে? বাসে করে ইট, বোতল, বোমা নিয়ে এসেছিল বিজেপি কর্মীরা৷’




Post Comment